সিঙ্গাপুর এয়ারলাইন্সের পর আবারও মাঝ আকাশে বিমানের তীব্র ঝাঁকুনিতে অন্তত ১২ জন যাত্রী আহত হয়েছেন। এবার কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট টার্বুলেন্সের কারণে তীব্র ঝাঁকুনির মুখোমুখি হয়েছে।
স্থানীয় সময় রোববার কাতারের রাজধানী দোহা থেকে ডাবলিনগামী কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে এ দুর্ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সিএনএন।
প্রতিবেদনে বলা হয়, দোহা থেকে আয়ারল্যান্ড যাওয়ার কথা থাকলেও রোববার (২৬ মে) স্থানীয় সময় দুপুর ১টার কিছু আগে বিমানটি টার্বুলেন্সের সমস্যায় পড়ে ডাবলিনে জরুরি অবতরণ করে।
পরবর্তীতে এক বিবৃতিতে ডাবলিন বিমানবন্দর জানায়, ‘কাতার এয়ারওয়েজের ফ্লাইট কিউআর১০৭ তুরস্কের ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় টার্বুলেন্সের শিকার হয়। এ ঘটনায় ছয় যাত্রী ও ছয় ক্রু সদস্য আহত হয়েছেন।
ডাবলিন বিমানবন্দর বলছে, ডাবলিন বিমানবন্দর বিমানটির যাত্রী এবং কর্মীদের সর্বোচ্চ সেবা ও সহায়তা প্রদান করছে।
কয়েক দিন আগে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি বিমানেও এমন তীব্র ঝাঁকুনির ঘটনা ঘটলে বিমানটি ব্যাংককে জরুরি অবতরণ করে। এ ঘটনায় বিমানে থাকা এক যাত্রী হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান। আহত হন ১০৪ জন।
পাপুয়া নিউ গিনিতে ভূমিধস, চাপা পড়েছে দুই হাজারের বেশি মানুষ