নতুন প্রেসিডেন্টের যে মন্তব্যে তাইওয়ান ঘিরে চীনের সামরিক মহড়া

আপডেট : ২৭ মে ২০২৪, ০৬:০০ পিএম

তাইওয়ান ঘিরে সামরিক মহড়া শুরু করেছে চীন। গত বুধবার (২৪ মে) তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় (এমএনডি) তার আশেপাশে চীনা সামরিক জাহাজের উপস্থিতি শনাক্ত করেছে। তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে শপথ নেয়ার পরই তাইওয়ানের চারপাশে সমুদ্রে, আকাশে সামরিক মহড়া শুরু করে চীন। 

গত সোমবার (২০ মে) তাইওয়ানে প্রেসিডেন্ট লাই চিং শপথ নেওয়ার পর বলেছিলেন, চীন যেন সামরিক ও রাজনৈতিক শক্তি দেখানো বন্ধ করে। এ মন্তব্যের পরপরই তাইওয়ান ঘিরে সামরিক মহড়া শুরু করে চীন।

চীন গত শুক্রবার (২৪ মে) তাইওয়ানের আশপাশের এলাকায় পরিচালিত তাদের দুই দিনের বড় পরিসরের সামরিক মহড়া শেষ করেছে। এর আগে, তাইওয়ানের আশপাশের এলাকায় ১১১টি বিমান ও ৪৬টি নৌযান মোতায়েন করে চীন।

তাইওয়ানের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ৮২টি চীনা সামরিক বিমান তাইওয়ান প্রণালীর মধ্যবর্তী রেখা অতিক্রম করেছে। এসব বিমানের কয়েকটি ‘২৪ নটিক্যাল মাইল’ লাইনের খুব কাছ দিয়ে উড়ে যায়। এই লাইনকে তাইওয়ান তাদের সীমানা বলে বিবেচনা করে। তাইওয়ান এ মহড়ার তীব্র নিন্দা জানিয়ে তাদের সেনাবাহিনীকে সতর্ক করেছে এবং পরিস্থিতির দিকে নজর রাখতে বলেছে। 

গত ২০২২ সালের আগস্টের পর থেকে তাইওয়ানকে ঘিরে চীন তৃতীয়বারের মতো বড় পরিসরের সামরিক মহড়া চালাল। অনেক বিশ্লেষক বলছেন, গত ২০২২ ও ২০২৩ সালে পরিচালিত মহড়ার চেয়ে এবারের মহড়া তাইওয়ানের অনেক কাছাকাছি এলাকায় পরিচালনা করা হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, তাইওয়ানের ওপর চাপ দিতে চীন তাদের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত