যশোর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর-পূর্ব দিকে অগ্রসর ও দুর্বল হয়ে আজ সন্ধ্যা ৬টায় মানিকগঞ্জ ও তৎসংলগ্ন এলাকায় নিম্নচাপ আকারে অবস্থান করছে। এটি আরও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে বৃষ্টিপাত ঝড়িয়ে ক্রমশ দুর্বল হতে পারে।
আজ সোমবার (২৭ মে) সর্বশেষ আবহাওয়ার পরিস্থিতিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে আগামীকাল সকাল পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে এবং সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
এদিকে সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ মাঝারি থেকে ভারী বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও অতি ভারী বর্ষণও হতে পারে।
