সুবিধা কমানোয় কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের ক্ষোভ-হতাশা

আপডেট : ২৮ মে ২০২৪, ১২:২৭ এএম

পদোন্নতি না দেওয়াসহ বিভিন্ন সুযোগ-সুবিধা কমানোয় চাপা ক্ষোভ বিরাজ করছে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের মধ্যে। দীর্ঘদিন ধরেই তারা তাদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু তার কোনো সুরাহা মেলেনি। আশ্বাস ছাড়া কিছুই পাননি তারা। এতে হতাশা আর ক্ষোভ বাড়ছে। এক সময় বিসিএস, পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার মতো চাকরি ছেড়ে অনেকে কেন্দ্রীয় ব্যাংকে আসতেন। কিন্তু এখন হয়েছে উল্টো। সম্প্রতি একযোগে ৫৭ কর্মকর্তা ব্যাংকের চাকরি ছেড়ে দিয়ে অন্য পেশায় চলে যান। কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসনের ঘাটতিতে হতাশা, চাকরির সুযোগ-সুবিধা কমে আসার কারণে কেন্দ্রীয় ব্যাংকের চাকরি ছেড়ে দেওয়ার প্রবণতা বাড়ছে বলে মনে করছেন অনেকে। এমন পরিস্থিতিতে পরবর্তী করণীয় নির্ধারণে গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংকের প্রধান ভবনে জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে এক মতবিনিময় সভার আয়োজন করে কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল। গভর্নরের চাপে সেটাও স্থগিত করা হয়েছে বলে জানা গেছে।

ব্যাংক কর্মকর্তারা বলছেন, সম্প্রতি সরকারের বিভিন্ন বিভাগ, প্রতিষ্ঠান, বাহিনীর কর্মকর্তাদের পদোন্নতিসহ বিভিন্ন সুযোগ-সুবিধাদি বৃদ্ধি পেলেও দেশের কেন্দ্রীয় ব্যাংক তথা বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সুবিধাগুলো কমছে বা কর্তন করা হচ্ছে। যার ফলে প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের মধ্যে অসন্তষ্টি ও হতাশা বৃদ্ধি পাচ্ছে।

দুঃখের বিষয় উল্লেখ করে কর্মকর্তারা বলছেন, বাংলাদেশ ব্যাংক ২০০৫ সাল থেকে মহাব্যবস্থাপক (বর্তমান পরিচালক) এবং নির্বাহী পরিচালক পর্যায়ের কর্মকর্তাদের জন্য গাড়ি রক্ষণাবেক্ষণ ব্যয় পুনর্ভরণ সুবিধা চালু করে। কিন্তু বাংলাদেশ ব্যাংকের পঞ্চম গ্রেডভুক্ত কর্মকর্তারা আলোচ্য সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন, যা তাদের সামাজিক ও প্রাতিষ্ঠানিক মর্যাদা ক্ষুন্ন করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত