আজ ঢাকা রেঞ্জার্সের সঙ্গে ড্র করলেই আলোচিত নারী ফুটবল লিগের শিরোপা যাবে নাসরিন একাডেমির ঘরে এবং অবশ্যই সেটা প্রথমবারের মতো।
নাসরিনের জন্য অনেকটা স্বপ্ন সত্যি হওয়ার মতোই ব্যাপার। দলের অধিনায়ক সাবিনা আশাবাদী মঙ্গলবারেই শিরোপা নিশ্চিতের ব্যাপারে, ‘আমরা সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব আগামীকালই (আজ) শিরোপা নিশ্চিত করতে। দল এখন পর্যন্ত ভালো ছন্দে আছে।’ এদিকে ভালো সম্ভাবনা জাগিয়েও শিরোপা রেসে টিকে থাকতে পারেনি এবারই প্রথম নারী লিগে খেলা বাংলাদেশ আর্মি স্পোর্টিং ক্লাব। একঝাঁক সম্ভাবনাময় ও নবীন খেলোয়াড় নিয়ে দল গড়া আর্মি অভিজ্ঞ কোচ গোলাম রব্বানী ছোটনের অধীনে লিগ শেষ করতে যাচ্ছে তৃতীয়স্থানে থেকে। গতকাল উত্তরা ফুটবল ক্লাবকে হারিয়ে লিগ শেষ করা আর্মির সংগ্রহ ১৮ পয়েন্ট।
