টি-টোয়েন্টি বিশ্বকাপের সব কটি আসরেই খেলেছে বাংলাদেশ। তবে কখনো খেলতে পারেনি টি-টোয়েন্টি বিশ্বকাপের নকআউট রাউন্ডে। বিশ্বকাপে বাংলাদেশের ব্যর্থ হওয়ার কারণ কী? বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কাছে ব্যর্থতার একটা কারণ উইকেট।
সংবাদ সংস্থা এএফপিকে নাজমুল বলেন, 'প্রথমত আমাদের ভালো উইকেটে খেলতে হবে। অনেকেই এটাকে অজুহাত হিসেবে দেখতে পারেন। তবে এটাই বাস্তবতা যে আমরা খুব কম ম্যাচই ভালো উইকেটে খেলি।'
যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হারার পর ব্যাটিং ব্যর্থতা নিয়ে নাজমুল উইকেটকেই দায়ী করেছিলেন।
দলের মূল ব্যাটসম্যানদের মধ্যে শুধু তাওহীদ হৃদয়ের স্ট্রাইক রেটই ১৩০ এর বেশি- ১৩১.৫৯। নাজমুলের মতে দ্রুতই সব পরিবর্তন সম্ভব নয়, 'ছয় মাসের মধ্যে সবকিছু বদলে ফেলা কঠিন। আমরা যদি ভালো উইকেটে এক-দুই বছর খেলতে থাকি, তাহলে স্ট্রাইক রেটের উন্নতি হবে।'
সাকিব আল হাসানের বয়স ৩৭, মাহমুদউল্লাহ রিয়াদের ৩৮। অভিজ্ঞ এই দুই খেলোয়াড়কে নিয়ে নাজমুল বলেন, 'কখন ক্যারিয়ারের ইতি টানবেন এটা তাদের সিদ্ধান্ত। অধিনায়ক হিসেবে আমি চাই দলের সব খেলোয়াড়ের সঙ্গে তারা অভিজ্ঞতাটা শেয়ার করুক।'
এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম ম্যাচ বাংলাদেশ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে ৮ জুন। এই দুই দলের মধ্যে কথার লড়াই চলছে অনেক দিন ধরে। যা আরও বেড়েছে গত মার্চে বাংলাদেশের মাটিতে হওয়া শ্রীলঙ্কা সিরিজে।
নাজমুল বলেন, 'এটা (টাইম আউট ঘটনা) আমরা অনেক আগেই পেছনে ফেলে এসেছি। যেদিন থেকে এই ঘটনাটা ঘটেছে, আমরা এমন কিছু করিনি, যার ফলে আমরা ওই ঘটনা নিয়ে ভাবব। তাদের সম্পর্কে কিছু বলতে পারব না। তবে আমরা দল হিসেবে নিজেদের খেলায় মনোযোগ দিচ্ছি।'
