গাজার দক্ষিণাঞ্চলীয় নগরী রাফায় হামাসের বিরুদ্ধে চলমান লড়াইয়ে মঙ্গলবার রাতে তিন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। তারা রাফার একটি ভবনে প্রবেশ করলে সেখানে আগে থেকেই পেতে রাখা বিস্ফোরক ডিভাইস বিস্ফোরণে মারা যান।
বুধবার (২৯ মে) এ তথ্য নিশ্চিত করেছে দেশটির সেনাবাহিনী। খবর আল আরাবিয়া নিউজ ও টাইমস অব ইসরায়েলের।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, গাজার দক্ষিণাঞ্চলে সামরিক অভিযানের সময় ইসরায়েলি তিন সৈন্য নিহত ও আরও তিন সৈন্য গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার নিহত তিন সেনা সদস্য হলেন- সার্জেন্ট আমির গ্যালিলভ (২০)। তিনি দেশটির শিমশিত গ্রামের বাসিন্দা ছিলেন। দ্বিতীয় সেনা মিদরেশেত বেন-গুরিঅনের সার্জেন্ট উরি বার ওর (২১) এবং নিহত তৃতীয় জন জোফারের সার্জেন্ট আইদো অ্যাপেল (২১)। তারা সবাই নাহাল ব্রিগেডের ৫০তম ব্যাটেলিয়নের সদস্য ছিলেন।
আইডিএফ তাদের প্রাথমিক তদন্তে জানিয়েছে, ‘ববি ট্রাপের’ মাধ্যমে রাফার ওই ভবনে বিস্ফোরণ ঘটানো হয়েছে। বিস্ফোরণে একজন সেনা কর্মকর্তা এবং দুই সৈন্য গুরুতর জখম হওয়া ছাড়াও অন্য একজন সেনা কর্মকর্তা মাঝারি আহত হয়েছেন।
একই দিন উত্তর গাজায় যুদ্ধ করার সময় ইসরায়েলের আরও এক সেনা কর্মকর্তা এবং সৈন্য গুরুতর আহত হন। আর বুধবার ভোরে মাল্টি-ডোমেইন ইউনিটের আরেক সেনা সদস্য গুরুতর আহত হয়েছেন বলেও বিবৃতিতে যোগ করেছে আইডিএফ।
রাফাতে ইসরায়েলের অভিযান মার্কিন লাল রেখা পার করেনি: যুক্তরাষ্ট্র
রাফাহর কেন্দ্রে ইসরায়েলি ট্যাংক, রাস্তায় কাউকে দেখলেই গুলি