০
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাঙালি জাতির আশীর্বাদ ও অহংকার। তিনি তার যোগ্যতায় শুধু বাংলাদেশে নয়, বিশ্বের নেত্রী।
গতকাল বুধবার দুপুরে ভোলার চরফ্যাশন উপজেলার টিবি স্কুলমাঠে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ৪০০ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণের সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশের মতো ভারতেও ঘূর্ণিঝড় হয়েছে। ওই ঝড়ে বাংলাদেশের চেয়ে ভারতে অনেক বেশি ক্ষতি হয়েছে। আমরা বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জেলা, উপজেলা প্রশাসন, সিপিপি, রেড ক্রিসেন্টসহ সবাই ঐক্যবদ্ধ রাত-দিন কাজ করে কম ক্ষতির মধ্য দিয়ে ঘূর্ণিঝড় রিমাল মোকাবিলা করেছি।’ তিনি আরও বলেন, ঘূর্ণিঝড় রিমালে অনেক বেড়িবাঁধ ক্ষয়ক্ষতি হয়েছে। সেগুলো মেরামত করা হচ্ছে।
এ সময় ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন ভোলা-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব। এ সময় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. মিজানুর রহমান ও ভোলার পুলিশ সুপার মো. মাহিদুজ্জামান।
