মেট্রোরেল চলাচলে বিঘ্ন, ভোগান্তিতে হাজারো যাত্রী

আপডেট : ৩০ মে ২০২৪, ১১:৫৬ এএম

যান্ত্রিক ত্রুটির কারণে আধঘণ্টা বন্ধ ও পরে ১৫ মিনিট পরপর চলায় ব্যপক ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। আস বৃহস্পতিবার সকাল ৮টার দিকে মিরপুর-১১ নম্বর স্টেশনে মতিঝিলগামী একটি ট্রেন বন্ধ হয়ে দাঁড়িয়েছিল। যদিও কিছু সময় পর সেটি ঠিক হয়ে যায়। 

এর পরপরই মেট্রোরেলের অফিশিয়াল ফেসবুক পেজে ঘোষণা দেওয়া হয় ১৫ মিনিট পরপর চলবে মেট্রোরেল। এতে ভোগান্তিতে পড়েন অফিসগামী হাজারো যাত্রী। প্রায় প্রতিটি স্টেশনে ভিড় জমে যায় যাত্রীদের। পরে সোয়া ১০টার দিকে আবার পূর্বনির্ধারিত বিরতিতেই স্টেশনগুলোতে আসতে শুরু করে মেট্রোরেল।

সকালে মেট্রোরেলের ভেরিফায়েড ফেসবুক পেজে ঘোষণায় বলা হয়, ‘অনিবার্য কারণবশত অদ্য ৩০/০৫/২৪ তারিখ মেট্রোরেল ১৫ মিনিট Headway–তে (বিরতির সময়) চলাচল করবে। পরবর্তীতে নির্ধারিত Headway চালু হলে জানানো হবে।’

পরে সকাল ১০টা ১৪ মিনিটে পৃথক এক ফেসবুক পোস্টে বলা হয়, ‘সকাল ১০.১০ মিনিট  হতে মেট্রোরেল পূর্বের নির্ধারিত Headway তে চলাচল শুরু হয়েছে।’

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) মহাব্যবস্থাপক ইফতেখার হোসেন বলেন, সকালের দিকে ১৫ মিনিট পরপর চলছিল মেট্রোরেল। পরে সকাল সোয়া ১০টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।

উত্তরা থেকে মতিঝিল অভিমুখী ট্রেনের পিক আওয়ার হচ্ছে সকাল ৭টা ৩১ মিনিট থেকে ১১টা ৪৮ মিনিট পর্যন্ত। আবার বেলা ৩টা ১৩ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত পিক আওয়ার হিসেবে গণ্য হয়। অন্যদিকে মতিঝিল থেকে উত্তরা রুটের পিক আওয়ার শুরু হয় সকাল ৮টা ১ মিনিট থেকে দুপুর ১২টা ৮ মিনিট এবং বেলা ৩টা ৫৩ মিনিট থেকে রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত