প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরবর্তী প্রেস সচিব হচ্ছেন দৈনিক আমাদের নতুন সময়ের ইমেরিটাস সম্পাদক নাঈমুল ইসলাম খান। গত মঙ্গলবার (২৮ মে) প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক (প্রশাসন) এ কে এম মনিরুজ্জামান স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানা গেছে।
আদেশে বলা হয়েছে, দৈনিক আমাদের নতুন সময়ের এমিরেটাস এডিটর নাঈমুল ইসলাম খানকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল পর্যন্ত অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) প্রধানমন্ত্রীর প্রেসসচিব পদে সচিব পদমর্যাদায় ৭৮ হাজার টাকা নির্ধারিত বেতন ও সরকারি অন্যান্য সুবিধাদিসহ চুক্তিভিত্তিক নিয়োগ প্রদানের বিষয়টি যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত হয়েছে।
তবে এ নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপন এখনো জারি করা হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। রাষ্ট্রপতির চূড়ান্ত অনুমোদনের পর জনপ্রশাসন মন্ত্রণালয় নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করলে নাঈমুল ইসলাম খানের নিয়োগ চূড়ান্ত হবে।
গত ১০ মার্চ প্রধানমন্ত্রীর সাবেক প্রেস সচিব প্রবীণ সাংবাদিক ইহসানুল করিমের মৃত্যুর পর থেকে পদটি শূন্য ছিল। পদটিতে কাকে নিয়োগ দেওয়া হবে তা নিয়েও ছিল নানা জল্পনা।
নাঈমুল ইসলাম খানের জন্ম ১৯৫৮ সালের ২১ জানুয়ারি, কুমিল্লায়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতায় তিনি স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি দৈনিক আজকের কাগজ, দৈনিক ভোরের কাগজ ও দৈনিক আমাদের সময় পত্রিকার সম্পাদক ছিলেন।
