বিশ্বকাপে বিশ্বকে নাড়িয়ে দেবে উইন্ডিজ : স্যামি

আপডেট : ৩১ মে ২০২৪, ০৫:৫৬ এএম

টি-টোয়েন্টি বিশ্বকাপের ২০১২ ও ২০১৬ আসরে চ্যাম্পিয়ন হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। বিশ্বকাপ জয়ী ক্যারিবীয়দের ওই দলের নেতৃত্ব দিয়েছিলেন ড্যারেন সামি। তার দেশেই এবার হতে যাচ্ছে ছোট ফরম্যাটের বিশ্বকাপ আসর। ড্যারেন স্যামি এই বিশ্বকাপেও জড়িত, ওয়েস্ট ইন্ডিজ দলের কোচ হিসেবে। স্যামি এবার স্বপ্ন দেখছেন কোচ হিসেবে বিশ্বকাপ জয়ের।

সাবেক এ ক্যারিবীয় অলরাউন্ডার বলেছেন, ‘এবারের বিশ্বকাপ জয়ের ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী। টি-টোয়েন্টি দলকে নিয়ে আমরা এক বছর ধরে বেশ কাজ করছি। যেসব ক্রিকেটারকে আমরা খুঁজে বের করেছি, তারাই এখন ম্যাচ জেতাচ্ছে। আমার মনে হয়, এবারের প্রতিযোগিতায় আমরা পুরো বিশ্বকে নাড়িয়ে দেব।’

এবারের আইপিএলে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা সাফল্য পেয়েছেন। ফলে দলকে নিয়ে বেশ আশাবাদী সমর্থকরাও। এ ছাড়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে জেতায় বাড়তি অনুপ্রেরণা দিচ্ছে রভমান পাওয়ালের দলকে।

আবার আয়োজক দেশ হিসেবে দলের জন্য বাড়তি চাপও হতে পারে। এর আগে ২০১০ সালেও আয়োজক হিসেবে খেলে শিরোপা ঘরে তুলতে পারেনি ক্যারিবিয়ান দলটি। ২০০৭ সালে ওয়ানডে বিশ্বকাপ ঘরের মাঠে জিততে পারেনি ওয়েস্ট ইন্ডিজ।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হচ্ছে ২ জুন থেকে। ২ জুন পাপুয়া নিউগিনির বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা মিশন শুরু করবে ওয়েস্ট ইন্ডিজ। গ্রুপ সি-তে তাদের প্রতিপক্ষ আফগানিস্তান, উগান্ডা ও নিউজিল্যান্ড।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত