চট্টগ্রাম নগরের একটি হোটেল থেকে গত ৪ মার্চ পোল্যান্ডের এক নাগরিকের মরদেহ উদ্ধার করেছিল পুলিশ। প্রায় তিন মাসেও বিদেশি ওই নাগরিকের মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে পারেনি পুলিশ। এ জন্য থমকে আছে মামলার তদন্ত কার্যক্রমও। মামলার তদন্ত কর্মকর্তা চকবাজার থানার ওসি ওয়ালী উদ্দিন আকবর দেশ রূপান্তরকে জানিয়েছেন, ওই নাগরিকের ময়নাতদন্ত প্রতিবেদন এখনো তারা পাননি। তবে ডিএনএ প্রতিবেদন পেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
নগরের চকবাজার থানাধীন হোটেল ‘দ্য পেনিনসুলা চিটাগাং’ এর ৯১৫ নম্বর কক্ষ থেকে জিদজিসোয়াহ মিশেল জেরিবার নামে ওই পোলিশ নাগরিকের মরদেহ উদ্ধার করেছিল পুলিশ। এ সময় তার মাথার পেছনে দুটি আঘাতের চিহ্ন ছিল। এ ছাড়া বিছানা, বালিশ রক্তে ভেজা এবং টয়লেট ও ফ্লোর রক্ত মাখা ছিল। এ ঘটনায় ওইদিন দিবাগত রাতে (৫ মার্চ) চকবাজার থানায় একটি মামলা দায়ের করেন বিগ স্টার লিমিটেডের বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার পার্থ প্রতীম ঘোষ।
জানা গেছে, জেরিবারের মরদেহ উদ্ধারের ১৬ দিন পর গত ২১ মার্চ সিআইডি’র ফরেনসিক প্রতিবেদন চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। তবে ওই প্রতিবেদন পুলিশ এখনো পাননি বলে জানিয়েছেন ওসি ওয়ালী উদ্দিন আকবর। এদিকে সিআইডির ফরেনসিক প্রতিবেদন ও ময়নাতদন্ত প্রতিবেদন হাতে না পাওয়ায় জেরিবারের মৃত্যু রহস্যের জট খুলছে না বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা চকবাজার থানার উপপরিদর্শক মো. শফি উল্লাহ।
এর আগে গত ৫ মার্চ পুলিশের আবেদনের প্রেক্ষিতে পোল্যান্ড নাগরিকের ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগ তিন সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করেছিল। পুলিশ সূত্র জানায়, জেরিবারের মৃত্যুকে ঘিরে করা মামলার বিষয়টি নিহতের পরিবার ভারতের নয়া দিল্লিতে অবস্থিত পোল্যান্ডের দূতাবাসের মাধ্যমে তদারকি করছেন।
জানা গেছে, গত ২৪ ফেব্রুয়ারি চট্টগ্রামে একটি গার্মেন্টস পরিদর্শনের জন্য বিমানে চট্টগ্রাম বিমানবন্দরে নামেন ওই পোল্যান্ড নাগরিক। তাকে রিসিভ করেন সিইপিজেডে কেনপার্ক বাংলাদেশ অ্যাপারেলস লিমিটেডের মার্চেন্ডাইজিং ম্যানেজার আশরাফুল হক ডালিম। তিনিই জেরিবারকে থাকার জন্য হোটেল দ্য পেনিনসুলা চিটাগাং এর নবম তলার ৯১৫ নম্বর কক্ষ বুকিং দেন। এরপর তখন থেকে হোটেলটিতে অবস্থান করছিলেন জেরিবার।
৪ মার্চ ১০টা ৪৫ মিনিটে তার দরজায় নক করে কোনো সাড়া না পাওয়ায় ১১টার দিকে চকবাজার থানা পুলিশকে খবর দেওয়া হয়। ১১টায় পুলিশ ঘটনাস্থলে এসে হোটেল কর্তৃপক্ষের সহায়তায় দরজা খোলে। এ সময় তার মাথার পেছনে দুটি আঘাতসহ দরজার পাশে মৃত অবস্থায় দেখতে পায়।
ভেঙে গেল মালাইকা-অর্জুনের সম্পর্ক!
৩১২৬ শিক্ষার্থীকে পুরস্কৃত করল বিশ্বসাহিত্য কেন্দ্র
তারেক রহমান দেশে এলে তার ঢেউয়ে সরকার ভেসে যাবে: গয়েশ্বর