ভারতে লোকসভা নির্বাচন

শেষ দফায় ভোটগ্রহণ চলছে ৫৭ আসনে, পশ্চিমবঙ্গে সহিংসতা

  • শেষ দফায় ৭ রাজ্য ও ১টি কেন্দ্রশাসিত অঞ্চলে মোট ৫৭টি আসনে ভোটগ্রহণ চলছে
  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্বাচনী এলাকা বারাণসীতেও আজ ভোটগ্রহণ চলছে
আপডেট : ০১ জুন ২০২৪, ০৯:৪৭ এএম

সপ্তম দফায় ভোট গ্রহণের মাধ্যমে আজ শেষ হতে চলেছে ভারতের ১৮তম লোকসভা নির্বাচন। শনিবার (১ জুন) সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। শেষ দফায় সাতটি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ৫৭টি আসনে ভোটগ্রহণ চলছে। মোট প্রার্থীর সংখ্যা ৯০৭।

এবারের পর্বে পশ্চিমবঙ্গের ৪২টির মধ্যে নয়টি লোকসভা আসন রয়েছে। তবে বরাবরের মত ভোট শুরুর পর পর সহিংসতার খবর পাওয়া গেছে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি কেন্দ্রে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার দুটি কেন্দ্রে ইভিএম মেশিন পুকুরে ফেলে দেওয়ার ঘটনা ঘটেছে। এছাড়া অন্য কয়েকটি কেন্দ্রেও সংঘর্ষের খবর পাওয়া গেছে।

অন্যদিকে এদিকে, শেষ দফায় আরও বেশি সংখ্যায় ভোট দেওয়ার জন্য নাগরিকদের আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার সকালে সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে প্রধানমন্ত্রী বলেন, “আজ শেষ দফার লোকসভা নির্বাচন। আটটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে ৫৭টি কেন্দ্রে ভোট হচ্ছে। আমার আশা, যুব সম্প্রদায় ও নারী ভোটাররা রেকর্ড সংখ্যায় ভোটাধিকার প্রয়োগ করবেন। চলুন, সবাই মিলে আমাদের গণতন্ত্রকে আরও সমৃদ্ধ ও প্রতিনিধিত্বমূলক করে তুলি।“

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্বাচনী এলাকা বারাণসীতেও আজ ভোট। ২০১৪ সালে প্রধানমন্ত্রী মোদি প্রথম আসনটি জিতেছিলেন। এবার জিতলে সেটা হবে তাঁর জয়ের হ্যাটট্রিক। প্রধানমন্ত্রী হিসেবেও তিনি ক্ষমতাসীন থাকার হ্যাটট্রিক করতে চাইছেন।

বিজেপির অন্য গুরুত্বপূর্ণ প্রার্থীদের মধ্যে রয়েছেন কঙ্গনা রানাউত (মণ্ডী আসন), অনুরাগ ঠাকুর (হামিরপুর আসন), রবিশঙ্কর প্রসাদ (পাটনা সাহিব আসন)। কংগ্রেসের টিকিটে লড়ছেন পাঞ্জাবের সাবেক মুখ্যমন্ত্রী চরণজিৎ সিংহ চন্নী (জালন্ধর আসন) ও সাবেক দুই কেন্দ্রীয় মন্ত্রী আনন্দ শর্মা (কাংড়া আসন) ও মণীশ তিওয়ারি (চণ্ডীগড় আসন)।

শেষ দফায় উত্তরপ্রদেশের ৮০টি লোকসভা আসনের মধ্যে ১৩টি, বিহারের ৪০টির মধ্যে আটটি, ওড়িশায় ২১-এর মধ্যে ছয়টি এবং ঝাড়খণ্ডের ১৪-র মধ্যে তিনটিতে ভোট হচ্ছে আজ। পঞ্জাবের ১৩ এবং হিমাচলের চারটি লোকসভা কেন্দ্রের মধ্যে সবকটি এবং কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডীগড়ের একমাত্র আসনে ভোট হচ্ছে আজ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত