ঝালকাঠিতে পারিবারিক বিরোধে প্রাণ গেল যুবকের

আপডেট : ০১ জুন ২০২৪, ০৫:১১ পিএম

ঝালকাঠিতে পারিবারিক বিরোধে মাহফুজুর রহমান (২৩) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় আমির আলী হাওলাদার ও ফিরোজা বেগম নামে আরও দুইজনকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে।

আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ঝালকাঠি পৌর শহরের নতুন স্টেডিয়াম রোডের বিকনা এলাকায় এ ঘটনা ঘটে। আহদের বরিশাল শের ই বাংলা মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য মস্তোফা হাওলাদার নামে একজনকে আটক করেছে পুলিশ।

স্থানীয়রা জানায়, আমির আলী হাওলাদারের সাথে প্রতিবেশী আজিজ হাওলাদারের ছেলে কবির হাওলাদার, মনির হাওলাদার ও সাদ্দাম হাওলাদারের সঙ্গে পারিবারিক বিরোধ চলছিল। শনিবার সকালে অভিযুক্তরা আমির আলীর বসতঘরে এসে আমির আলী তার স্ত্রী ফিরোজা ও তাদের পুত্র মাহফুজকে কুপিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মাহফুজুর রহমানকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া উন্নত চিকিৎসার জন্য মাহফুজের বাবা মাকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মুহিতুল ইসলাম বলেন, পারিবারিক বিরোধের কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আসামিদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত