কানাডা থেকে দেশে এসে জাপান প্রবাসী স্বামীকে খুনের অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে। শনিবার (১ জুন) সন্ধ্যায় রাজধানীর ভাটারা থানা এলাকার একটি অ্যাপার্টমেন্ট থেকে আরিফুল ইসলাম (৩০) নামে ওই যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় তাদের বিয়ের কাবিননামা ও একটি চিরকুট উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নিহত আরিফুল ইসলাম জাপান প্রবাসী। তার স্ত্রী পারভীন আক্তার কানাডায় থাকতেন। গত ১৭ মে তারা দুজন ভাটারা থানার ওই অ্যাপার্টমেন্ট ভবনে বাসা ভাড়া নিয়েছিলেন। এর ১৫ দিন পর ওই বাসা থেকে আরিফুলের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, নিহতের বুকে ও গলায় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থলে মিলেছে হাতে লেখা চিরকুট ও কাবিননামা। ২০২১ সালের ৩১ ডিসেম্বর তাদের দুজনের বিয়ে হয়েছে।
অ্যাপার্টমেন্টের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ১৮ মে সকাল ৬টা ৩১ মিনিটে পারভীন আক্তার ওই অ্যাপার্টমেন্ট থেকে একা বেরিয়ে যাচ্ছেন। পুলিশের ধারণা, স্ত্রী পারভীন আক্তার তার স্বামীকে হত্যা করে কানাডায় চলে গেছেন।
উদ্ধার করা চিরকুটে লেখা রয়েছে, আমার জীবনের শান্তি নষ্ট করে দিয়েছে এই রেপিস্ট। ব্ল্যাকমেইলার সে। তার নিজের ইচ্ছায় আমার হাতে ধরা দিয়েছে। নিজের হাতে এই রেপিস্ট-ব্ল্যাকমেইলারকে মেরে শাস্তি দিলাম।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের বাড্ডা জোনের সহকারী কমিশনার (এসি) রাজন কুমার সাহা গণমাধ্যমকে বলেন, শনিবার বিকালে খবর পেয়ে অ্যাপার্টমেন্ট থেকে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। হত্যাকারীকে খুঁজে বের করার চেষ্টা চলছে।
অনুসন্ধান শুরুর পরই ব্যাংক থেকে ১৩ কোটি টাকা তুলে নেন বেনজীর
শুধু জনগণেরই কোনো সিন্ডিকেট নেই