গাজীপুরের শ্রীপুরে পরিবারের সবাই পাহাড়ে ঘুরতে গিয়ে সন্তানের লাশ নিয়ে বাড়ি ফিরলেন বাবা-মাসহ স্বজনরা। আত্মীয়-স্বজনসহ ২৭ জনের একটি দল পারিবারিক সফরে বের হয়েছিলেন। সেখানেই পানিতে ডুবে রুহুল আমীন সুমনের (২৫) মৃত্যু হয়।
রবিবার (২ জুন) দুপুরে নেত্রকোনার বিরিশিরিতে বেড়াতে গিয়ে চিনামাটির স্বচ্ছ পানির জলাশয়ে ডুবে এ মৃত্যুর ঘটনা ঘটে। পানি থেকে তুলে হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রুহুল আমীন সুমন পৌরসভার গড়গড়িয়া মাস্টারবাড়ি গিলারচালা গ্রামের হাজী শফিকুল ইসলামের একমাত্র ছেলে।
নিহতের স্বজনরা জানান, সকালে পারিবারিক সফরে পরিবারের সব সদস্য মিলে বিরিশিরির চিনামাটির পাহাড় দেখতে যান। পরে সেখানে দুপুরে পাহাড় ঘুরে পাশের চিনামাটির স্বচ্ছ জলাশয়ে নামে পরিবারের বেশ কয়েজন সদস্য। এ সময় সুমনও পানিতে নামেন। সবাই যখন পানিতে সাঁতার কাটায় ব্যস্ত ঠিক তখন আচমকা সুমন পানিতে তলিয়ে যান। এ সময় অন্যরা টের পেয়ে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এসে সুমনকে উদ্ধার করে। পরে তাকে দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত সুমনের চাচা জহিরুল ইসলাম জানান, প্রথমে চিনামাটির পাহাড়ের জলাশয়ে গোসল করতে নামেন সুমনের বাবা শফিকুল ইসলাম। এরপর সুমনসহ আরো কয়েকজন জলাশয়ের পানিতে নেমে পড়েন। এক পর্যায়ে সুমন আচমকা জলাশয়ের পানিতে তলিয়ে যান। পরে টের পেয়ে বাবা চিৎকার শুরু করলে লোকজন ছুটে আসেন। তারা জলাশয় নেমে সুমনের খোঁজ করতে থাকেন। আধা ঘণ্টা পর লাশ উদ্ধার করা হয়।
দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তানজেরুল ইসলাম জানান, সুমন নামের এক ছেলেকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন তার স্বজনরা।
