চার সন্তানকে পানিতে ডুবিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা গৃহবধূর

আপডেট : ০৩ জুন ২০২৪, ০৭:২৫ পিএম

বহু দিন ধরে পরিবারের অশান্তি নিয়ে চিন্তিত ছিলেন গৃহবধূ। কিন্তু দিনের পর দিন সেই অশান্তি অসহনীয় হয়ে উঠছিল তার কাছে। আর এসব অশান্তির জেরেই চার সন্তানকে ট্যাঙ্কের পানিতে ডুবিয়ে হত্যার পর নিজেও ওই ট্যাঙ্কের পানিতে ডুবে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। 

ঘটনাটি রবিবার (২ জুন) ভারতের রাজস্থানের বারমের জেলার ধানে কে তালা গ্রামে ঘটেছে। নিহত শিশুদের বয়স পাঁচ থেকে ১১ বছরের মধ্যে বলে জানা গেছে।

দেশটির স্থানীয় পুলিশ জানায়, নিয়মিত পারিবারিক অশান্তির জেরে হতাশ হয়ে পড়েছিলেন গৃহবধূ। শেষমেশ অশান্তির হাত থেকে বাঁচতে সন্তানদের প্রাণে মেরে ফেলার সিদ্ধান্ত নেন তিনি। পুলিশের দাবি, গ্রামের একটি পানির ট্যাঙ্কের সামনে চার সন্তানকে নিয়ে যান তরুণী। তার পর চার জনকেই ট্যাঙ্কের ভেতরে ধাক্কা দিয়ে ফেলে দেন তিনি। পুলিশ জানিয়েছে, চার সন্তানকে খুন করার পর নিজেও ট্যাঙ্কে ঝাঁপিয়ে পড়েন ওই গৃহবধূ।

গৃহবধূকে ট্যাঙ্ক থেকে উদ্ধার করে তাড়াতাড়ি নিকটবর্তী হাসপাতালে ভর্তি করানো হয়। এখনও চিকিৎসাধীন রয়েছেন তিনি। পুলিশ জানিয়েছে, তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ওই গৃহবধূকে জিজ্ঞাসাবাদ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত