সম্প্রতি একাধিক ঘটনার প্রেক্ষাপটে দেশে কার্যরত সব ব্যাংকের শাখায় নিরাপত্তার জোরদার করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নিরাপত্তার জন্য শাখাগুলোতে অধিক সংখ্যক সশস্ত্র নিরাপত্তা প্রহরী নিয়োজিত করা ও পর্যাপ্ত সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।
আজ সোমবার (৩ জুন) কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সম্পর্কিত নির্দেশনা দিয়ে ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের চিঠি দিয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের এ নির্দেশনায় বলা হয়, সব তফসিলি ব্যাংকের ব্যবসা কেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিতে ব্যাংক শাখার প্রবেশ পথে, শাখার অভ্যন্তরে, শাখার বাহিরে চতুর্দিকে এবং সকল ধরনের আইটি রুমে প্রয়োজনীয় সংখ্যক সিসিটিভি বা আইপি ক্যামেরা বা স্পাই ক্যামেরা স্থাপন করতে হবে। সিসিটিভি বা স্পাই ক্যামেরাগুলো ব্যাংকের সেন্ট্রাল ইনফরমেশন নেটওয়ার্কের সাথে সংযুক্ত রাখা, সার্বক্ষণিক সচল রাখাসহ মনিটরিং-এর আওতায় আনা এবং ক্যামেরায় ধারণকৃত ভিডিও ফুটেজ যাতে নিকটস্থ থানা পেতে পারে সে বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
নির্দেশনায় আরো বলা হয়, ব্যাংকের নিরাপত্তার জন্য পর্যাপ্ত সংখ্যক সশস্ত্র নিরাপত্তা প্রহরী রাখতে হবে এবং সশস্ত্র নিরাপত্তা প্রহরীদের অস্ত্র চালানোর প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।
সম্প্রতি বান্দরবানে একটি ব্যাংকের শাখায় ডাকাতি করে অর্থ লুটের ঘটনা ঘটেছে। এরপর চট্টগ্রামে একটি ব্যাংকের লকার থেকে সোনা গায়েব হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
আদালতে দোষ স্বীকার করে শিলাস্তির জবানবন্দি
এমপি আনার হত্যা: ১০ আসামির ব্যাংক হিসাব অনুসন্ধানে ডিবি