ফ্যাটি লিভার দিবস উপলক্ষে দেশ রূপান্তরে গোলটেবিল বৈঠক শুরু

আপডেট : ০৫ জুন ২০২৪, ০১:৪১ পিএম

বিশ্ব ফ্যাটি লিভার দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) হেপাটোলজি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে দেশ রূপান্তর কার্যালয়ে গোলটেবিল বৈঠক শুরু হয়েছে। আজ বুধবার (৫ জুন) দুপুর ১২টা ৪০ মিনিটে এই বৈঠক শুরু হয়। এই গোলটেবিল বৈঠকের মিডিয়া পার্টনার দেশ রূপান্তর। আর সহযোগিতায় থাকবে বীকন ফার্মাসিউটিক্যালস পিএলসি।

দেশ রূপান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক মোস্তফা মামুনের সভাপতিত্বে ও ফিচার এডিটর মোহসীনা লাইজুর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা।

বৈঠকের শুরুতে ফ্যাটি লিভার বিষয়ে সার্বিক অবস্থা তুলে ধরেন বিএসএমএমইউয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের বিভাগীয় প্রধান ও বিএসএমএমইউ হেপাটোলজি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল। তিনি বলেন, দেশের প্রায় ৩০ শতাংশ মানুষ ফ্যাটি লিভার এ আক্রান্ত। আমাদের খাদ্যাভ্যাসের কারণে ফ্যাটি লিভার বাড়ছে। আমরা কায়িক পরিশ্রম করছি না ফলে ঝুঁকি বাড়ছে। আমাদের অধিকাংশ মানুষের ধারণা লিভারে চর্বি জমলে কোনো সমস্যা নেই। অথচ লিভার সমস্যা থেকে ক্যান্সার হতে পারে। ফ্যাটি লিভারের সরাসরি কোনো ওষুধ নেই। তাই চিকিৎসকরা প্রয়োজন বিবেচনা করে ওষুধ লিখে থাকেন। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় আমাদের রোগীরা দ্রুত ফ্যাটি লিভারের ওষুধ পেয়ে থাকেন। আমাদের ওষুধ শিল্পের বিপ্লব হয়েছে। যেখানে বীকন ফার্মাসিকিউটিলসের বড় অবধান রয়েছে। 

তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি বিভাগে আধুনিক চিকিৎসা দেওয়া হচ্ছে। পৃথিবী থেকে বাছাই করা ১৫০ জন লিভার বিশেষজ্ঞ স্বাক্ষরিত একটি যৌথ বিবৃতি প্রচারের মাধ্যমে ২০১৮ সালে প্রথমবারের মতো এই দিবসটির উদযাপনের সূচনা। সে বছরের ৫ জুন ওয়াশিংটন, প্যারিস ও লন্ডন থেকে একসঙ্গে প্রচারিত হয়েছিল এই প্রেস রিলিজটি। স্বাক্ষরিত সদস্যদের মধ্যে আমরা ২ জন বাংলাদেশি চিকিৎসক ছিলাম এটা গর্বের বিষয়।

একই বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শেখ মোহাম্মদ নূর-ই-আলম ডিউ বলেন, আমাদের বেশিরভাগ মানুষ কায়িক পরিশ্রম করেন না। আমাদের মাঠ নষ্ট করে খেলার জায়গা নষ্ট করেছি। ফলে হেপাটাইটিস এ আক্রান্তের সংখ্যা বাড়ছে। কায়িক পরিশ্রম এর দিকে নজর দিতে না পারলে এ থেকে মুক্তি সম্ভব নয়। আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়ে গবেষণা দরকার। 

বিএসএমএমইউ হেপাটোলজি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও হেপাটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আব্দুর রহিম বলেন, গ্লোবাল ফ্যাটি লিভার দিবস ২০২৪ এর স্লোগান আজই শনাক্ত করুন। ফ্যাটি লিভারে আক্রান্ত ব্যক্তি শুরুতে তা বুঝতে পারেন না। চিকিৎসক হিসেবে দেখি লিভার থেকে যারা ক্যান্সারে আক্রান্ত হন তারা বি বা সি ভাইরাসের চেয়ে ফ্যাটি লিভারে বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন। খাদ্যাভ্যাসে শাকসবজি ও ফল বেশি খেতে হবে। জাংক ফুড এড়িয়ে চলতে হবে। ভাত খাওয়া কমাতে হবে।

হেলথ ফোরামের সভাপতি রাশেদ রাব্বি বলেন, আমাদের দেশে তথ্য প্রাপ্তির ব্যবস্থা সহজলভ্য নয়। মাঠে কাজ করতে গিয়ে দেখি সহজে তথ্য না পাওয়ার কারণে সঠিক বিষয়ে প্রতিবেদন করা যায় না। তিনি এ বিষয়ে মেডিকেল সেক্টরের দায়িত্বশীলদের দৃষ্টি আকর্ষণ করেন।

তিনি বলেন, দেড় দশকের সাংবাদিকতা জীবনে মাত্র কয়েকবছর আগে আমি ফ্যাটি লিভার সম্পর্কে জানি। অধ্যাপক মামুন আল মাহতাব স্বপ্নীল আমাদের আন্তরিকতার সঙ্গে ডেকে নিয়ে এ রোগটি সম্পর্কে ধারণা দেন। অন্যান্য চিকিৎসক এবং চিকিৎসা বিজ্ঞানী এভাবে আন্তরিক হলে নতুন রোগ সম্পর্কে আমরা জানতে পারবো এবং মানুষকে জানাতে পারবো।

দেশ রূপান্তরের মিডিয়া উপদেষ্টা আব্দুল গাফফার বলেন, আগে প্রতিটি মহল্লায় খেলার মাঠ ছিল। আমরা আগে তৃপ্তি নিয়ে পরিবারের সবাই একসাথে খেতাম। কে কী খাচ্ছে বাবা-মা তদারকি করতেন। এখন তো সবাই ভার্চুয়াল নাগরিক, অনলাইনে এত বেশি ব্যস্ত যে— পরিবারের সদস্যদের খবর নেওয়ার সময় নেই। শহরের ছেলে মেয়েদের খেলার মাঠ নেই পরিবেশ নেই। ফলে রোগ বাড়ছে।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত