কলাপাড়ায় বিজয়ী চেয়ারম্যান প্রার্থীর কর্মীদের ওপর হামলা, গুরুতর আহত ৪

আপডেট : ০৬ জুন ২০২৪, ০৯:২০ এএম

পটুয়াখালীর কালাপাড়ায় পরাজিত দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আক্তারুজ্জামান কোক্কার কর্মীদের হামলায় বিজয়ী ঘোড়া প্রতীকের প্রার্থী মোতালেব তালুকদারের ৪ সমর্থক গুরুতর আহত হয়েছে।

এর মধ্যে মোকসেদ (৪৪) ও সাইমুন ইসলাম তুষার নামের (২২) দুই জনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বুধবার রাত নয়টায় নাচনাপাড়া চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত নয়টার দিকে বিজয়ী চেয়ারম্যান প্রার্থী মোতালেব তালুকদারের বাসভবনে তার সঙ্গে দেখা করে বাড়ি ফিরছিলেন সমর্থকরা। এ সময় চৌরাস্তা এলাকার খান হোটেলের সামনে পৌঁছালে পরাজিত প্রার্থী আখতারুজ্জামান কোক্কার পুত্র শিমু মিরার নেতৃত্বে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তাদের উপর হামলা চালায়। এতে চারজন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

কলাপাড়া থানার ওসি আলি আহম্মদ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত