এসি-ফ্রিজের দাম বাড়ছে

আপডেট : ০৬ জুন ২০২৪, ০৩:১৮ পিএম

২০২৪-২৫ অর্থবছরের বাজেটে এসি ও ফ্রিজ উৎপাদনে ব্যবহৃত পণ্যে আমদানি শুল্কে রেয়াতি হার প্রত্যাহার করার শুপারিশ করা হয়েছে। এর ফলে এসি ও ফ্রিজের দাম বাড়বে। ‘সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার’ স্লোগানে আজ বৃহস্পতিবার বাজেট উত্থাপন করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।  

সংসদে অর্থমন্ত্রী বলেন, এয়ারকন্ডিশনার (এসি) উৎপাদনকারী প্রতিষ্ঠানসমূহ বিদ্যমান প্রজ্ঞাপন অনুসারে রেয়াতি হারে কম্প্রেসার আমদানি করতে পারে। এসি স্বল্প আয়ের জনগণ ব্যবহার করে না বিধায় এর আমদানি শুল্কে রেয়াতি হার প্রত্যাহার করার সুপারিশ করছি। এছাড়া বর্তমানে দেশে রেফ্রিজারেটর উৎপাদনের জন্য প্রয়োজনীয় কম্প্রেসার উৎপাদন হয় বিধায় এ ধরনের শিল্প প্রতিষ্ঠানের জন্য বিদ্যমান প্রজ্ঞাপন হতে কম্প্রেসর প্রত্যাহার করার সুপারিশ করছি।

অর্থমন্ত্রী বলেন, রাজস্ব আদায়ের স্বার্থে এয়ারকন্ডিশনার উৎপাদনকারী প্রতিষ্ঠান সংক্রান্ত প্রজ্ঞাপনে উল্লিখিত বিভিন্ন প্রকার স্টিল সিট এর আমদানি শুল্ক ৫% হতে বৃদ্ধি করে ১০% নির্ধারণ করার সুপারিশ করছি। এছাড়া একই প্রজ্ঞাপনে যে সকল পণ্যে আমদানি শুল্ক ১০% নির্ধারিত রয়েছে উক্ত পণ্যসমূহের আমদানি শুল্ক ১০% হতে বৃদ্ধি করে ১৫% নির্ধারণ করার প্রস্তাব করছি। 

আওয়ামী লীগ সরকারের টানা চতুর্থ মেয়াদে আজ ২০২৪-২৫ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এটি তার প্রথম বাজেট। নতুন অর্থবছরের প্রস্তাবিত ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা। এবারের বাজেট ঘাটতি ২ লাখ ৫৬ হাজার কোটি টাকা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত