গাজায় জাতিসংঘ স্কুলে ইসরায়েলি হামলায় নিহত ৪০

আপডেট : ০৬ জুন ২০২৪, ০৮:১৩ পিএম

মধ্য গাজায় জাতিসংঘের একটি স্কুলে আশ্রয় নেয়া বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ওপর বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ৪০ জন নিহত হয়েছেন বলে জানা গেছে।

আল জাজিরার খবরে বলা হয়, ইসরায়েলি একটি যুদ্ধবিমান নুসাইরাত শহরের স্কুলে আশ্রয় নেয়া শরণার্থীদের লক্ষ্য করে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ভিডিওতে ধ্বংসযজ্ঞ এবং বেশ কিছু লাশ দেখা গেছে।

তবে ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, তারা আশ্রয় শিবিরে হামলা চালায়নি।তারা হামাসের শিবির লক্ষ্য করে হামলা চালিয়েছে। তাদের ধারণা, ওই শিবিরে ২০ থেকে ৩০ জন হামাস যোদ্ধা ছিল যাদের অনেকেই নিহত হয়েছেন। 

গাজার হামাস পরিচালিত সরকারি মিডিয়া অফিস ইসরায়েলের এই দাবি অস্বীকার করেছে এবং ইসরায়েলকে "ভয়াবহ গণহত্যা" চালানোর জন্য অভিযুক্ত করেছে।

ইউএন এজেন্সি ফর প্যালেস্টাইন রিফিউজি (ইউএনআরডব্লিউএ) এই স্কুলটি পরিচালনা করে। প্রতিষ্ঠানটির প্রধান এই ঘটনাকে "ভয়াবহ" বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, ইসরায়েলি বাহিনীর দাবি জঘন্য। কেননা ওই আশ্রয়স্থলে কোনো হামাস যোদ্ধা ছিল না, সেখানে সাধারণ মানুষ আশ্রয় নিয়েছিল। এই ঘটনার পর তাৎক্ষণিক হামলায় আহতরা আল আকসা হাসপাতালে ছুটে যান।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত