হ্যাভিওয়েট পাকিস্তানের সামনে আজ আন্ডারডগ মার্কিন যুক্তরাষ্ট্র। ঘরের মাঠে স্বাগতিকদের টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ হলেও বাবর আজমদের এটাই প্রথম। ডালাসে ফর্মহীন পরাশক্তির মুখোমুখি হবে ফর্মের তুঙ্গে থাকা বিশ্বকাপের সহ-আয়োজক দেশটি। ‘এ’ গ্রুপের এই দুই প্রতিপক্ষ এর আগে কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় মুখোমুখি হবে দু’দল।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে কানাডার মুখোমুখি হয় যুক্তরাষ্ট্র। সেদিন অ্যারন জোনসের লড়াকু ইনিংসে ভর করে প্রতিবেশি দেশটিকে ৭ উইকেটে হারায় তারা। যুক্তরাষ্ট্রের অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল মনে করেন, পাকিস্তানকেও হারানোর সক্ষমতা আছে তাদের। আর সেটা করে টুর্নামেন্টের শুরুতেই বিপর্যয় ঘটাতে পারবে তার দল।
ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে প্যাটেল বলেন, ‘এটা টি-টোয়েন্টি ক্রিকেট, মাঠে ৩০-৪০ মিনিট ভালো খেলতে পারলে আমরা পাকিস্তানের কাছ থেকে ম্যাচ সরিয়ে নিতে পারব। সুপার এইটে কোয়ালিফাই করার লক্ষ্য আমাদের আছে। তাই আমরা ম্যাচ বাই ম্যাচ মনোযোগ দিতে চাই।’
মার্কিন যুক্তরাষ্ট্র দলে মিশ্র খেলোয়াড় রয়েছে, যাদের বেশিরভাগই দক্ষিণ এশীয় বংশোদ্ভূত। প্রথম ম্যাচে তাদের নায়ক জোন্স ক্যারিবিয়ানে বড় হয়েছেন এবং তাদের এমন খেলোয়াড়ও রয়েছে যারা দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ডে তাদের ক্যারিয়ার শুরু করেছিল। তবে দলটির অধিনায়ক প্যাটেল জানিয়েছিলেন যে, ‘দলে এমন বৈচিত্র্য থাকা ভালো।’ তবে দলের সবাই যুক্তরাষ্ট্রকে জেতাতেই খেলেন।
২০০৯ সালের চ্যাম্পিয়নরা, বিশেষ করে তাদের অধিনায়ক ও তারকা ব্যাটার বাবর আজমের চ্যালেঞ্জ নিয়ে সতর্ক থাকবে যুক্তরাষ্ট্র। প্যাটেল বলেছেন, ‘বাবর ক্রিকেটের সব ফরম্যাটেই দারুণ ব্যাটসম্যান, তাই তার উইকেট সত্যিই গুরুত্বপূর্ণ হবে। পাকিস্তানের পেস আক্রমণের কাছ থেকে কঠোর চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে আমাদের। বিশেষত মোহাম্মদ আমিরকে ভালভাবে মোকাবেলা করতে হবে।’
চার বছর পর পাকিস্তানের বিশ্বকাপ দলে ফেরা আমির জানান, নিয়মিত পেসার শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ ও নাসিম শাহের গতির সঙ্গে তাল মিলিয়ে গতি তুলতে চান তিনি। বুধবারের সংবাদ সম্মেলনে আমির বলেন, ‘আমি দারুণ একটি ড্রেসিংরুমে ফিরে এসেছি এবং প্রত্যেক খেলোয়াড়ের জন্য আমাদের পরিষ্কার পরিকল্পনা রয়েছে।’
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মার্কিনরা টুর্নামেন্ট শুরুর আগে বাংলাদেশের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে। তবে মাঠে নামার আগে পাকিস্তান আছে আত্মবিশ্বাসের তলানীতে। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতলেও গত মাসে ইংল্যান্ডের বিপক্ষে তারা হেরেছে।
২০০৯ সালে পাকিস্তানের শিরোপা জয়ী দলের অংশ হওয়া ৩২ বছর বয়সী এই ব্যাটসম্যান বলেন, ‘ইংল্যান্ডের বিপক্ষে সাম্প্রতিক টি-টোয়েন্টি সিরিজ হারের ধাক্কা কাটিয়ে দল ঘুরে দাঁড়িয়েছে এবং জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে প্রস্তুত। বিশ্বকাপে ভুলের কোনো মার্জিন নেই, তাই আমরা মানসিক ও শারীরিকভাবে জয়ের জন্য প্রস্তুত।’
ডালাসের এই পিচে হয়েছিল উদ্বোধনী ম্যাচটিতে ১৯০ এর বেশি রান হয়েছিল। কানাডার সেই রান তাড়া করে জিতেছিল যুক্তরাষ্ট্র। তাই নিউইয়র্কে লো স্কোরিংয়ের উইকেট দেখে যারা বিচলিত, তারা আজ হাইস্কোরিংয়ের ম্যাচ দেখতে পাবেন। স্থানীয় আবহাওয়ার পূর্বাভাস পরিষ্কার এবং রৌদ্রোজ্জ্বল।
