ঘরের মাঠে প্রবল প্রতিপক্ষ অস্ট্রেলিয়াকে গোলোৎসব করতে দেয়নি বাংলাদেশ। বসুন্ধরা কিংস অ্যারেনায় বিশ্ব র্যাংকিংয়ে ১৬০ ধাপ এগিয়ে থাকা অস্ট্রেলিয়া জিতেছে ২-০ ব্যবধানে। যার মধ্যে একটি গোল ছিল আত্মঘাতী। আগের তিন দেখায় অস্ট্রেলিয়ার কাছে ১৬ গোল হজম করা বাংলাদেশের জন্য এই ফল মোটেই লজ্জার নয়। বরং শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে ভদ্রস্থ হারে ১১ জুন লেবাননের বিপক্ষে ভালো কিছু করার আত্মবিশ্বাস কুড়িয়ে নিয়েছেন তপু, রাকিবরা।
বাংলাদেশের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা একাদশ সাজিয়েছিলেন ৫-৩-২ ফরম্যাটে। অর্থাৎ ঘর সামলে প্রতি-আক্রমণের সুযোগ কাজে লাগানোই ছিল তার লক্ষ্য। প্রবল প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার আক্রমণের সুনামি রুখতে খেলেছে পাঁচ ডিফেন্ডার- তপু বর্মণ, তারিক কাজী, সাদউদ্দিন, ইশা ফয়সাল ও মেহেদী হাসান। আগের রাতে ভারী বর্ষণে মাঠ ছিল স্যাঁতস্যাঁতে। যার খানিকটা সুবিধাও পেয়েছে স্বাগতিকরা। মাঠে গতি কম থাকায় অস্ট্রেলিয়ার আক্রমণগুলো দানা বাঁধেনি।
একই সঙ্গে কৃতিত্ব দিতে হবে বাংলাদেশের রক্ষণভাগকেও। গত নভেম্বরে যাদের শিশুতোষ ভুলে হারতে হয়েছিল ৭-০ ব্যবধানে, সেই ডিফেন্ডারদের ভুলের পরিমান ছিল বেশ কম। ভুল কেবল একটাই। যার চড়া মাশুল দিতে হয় ম্যাচের ২৯ মিনিটে। আগের ২৮ মিনিট অস্ট্রেলিয়ানদের রুখে দেওয়ার কৃতিত্ব যেমন ডিফেন্ডারদের, ২৯ মিনিটে গোল হজমের দায়টা এড়ানোর সুযোগ নেই ডিফেন্ডার মেহেদী হাসানের। তার আত্মঘাতী গোলেই লিড নিয়ে বিরতিতে যায় ২০২২ কাতার বিশ্বকাপে দ্বিতীয়পর্বে খেলা অস্ট্রেলিয়া। বক্সের প্রায় ৩০ গজ দূর থেকে অ্যাজডিন রাসটিচের বাঁ পয়ের শট মেহেদী হাসানের ক্লিয়ারেন্স দিক পরিবর্তন করে জালে জড়িয়ে যায়। গোলকিপার মিতুল মারমার সেটা চেয়ে চেয়ে দেখা ছাড়া কিছুই করার ছিলো না।
দ্বিতীয়ার্ধেও বাংলাদেশকে খেলতে হয়ে একই কৌশলে। অস্ট্রেলিয়া চেয়েছে ব্যবধান বাড়িয়ে নিতে। তাদের আক্রমণগুলো বারবার ভয়ঙ্কর হয়ে উঠেছিল বাঁ দিক দিয়ে। লেফট উইঙ্গার জর্ডান বস বারবার দ্রুতগতিতে বল নিয়ে আক্রমণে গেছেন। তবে বাংলাদেশের ডিফেন্ডাররা ছিলে প্রস্তুত। গোলের দায়িত্বে থাকা কুসিনি ইয়েঙ্গিকে বোতলবন্দী করেই রেখেছিলেন তপু, তারিকরা। তবে ৬৩ মিনিটে আর পারেননি তারা। বাঁ দিক থেকে সেই জর্ডানের ক্রসে উচ্চতার সুবিধা নিয়ে হেড করে বল দূরের পোস্টে জড়িয়ে দেন ইয়েঙ্গি।
বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের দ্বিতীয়পর্বের পঞ্চম ম্যাচ খেললো দু'দল। পাঁচ ম্যাচের সবক'টি জিতে ১৫ পয়েন্ট নিয়ে ‘আই’ গ্রুপের সেরা হওয়া অনেকটাই নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। ১১ জুন তারা শেষ ম্যাচটি খেলবে ফিলিস্তিনের বিপক্ষে যারা বৃহস্পতিবার রাতে লেবাননের বিপক্ষে নেমেছে কাতারের রাজধানী দোহায়। বিশ্বকাপ সম্ভাবনা ভেস্তে গেলেও বাংলাদেশের সামনে আছে গ্রুপে তৃতীয় হওয়ার সুযোগ। তাদের থলেতে আছে ১ পয়েন্ট। তৃতীয় হতে হলে ১১ জুন তাদের লেবাননকে হারাতে হবে। সেই ম্যাচটি হবে দোহায়।
এমিলি-মামুনুলের বাছাইয়ে ২৪ কিশোর যাবেন রিয়াল মাদ্রিদে
ছবিতে মেসিদের অনুশীলন