খাদ্য নিরাপত্তা নিশ্চিতে বরাদ্দ বৃদ্ধি কৃষিতে

আপডেট : ০৭ জুন ২০২৪, ০৬:৫০ এএম

কৃষি খাতের পাশাপাশি মৎস্য ও প্রাণিসম্পদের উন্নয়ন এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আগামী ২০২৪-২৫ অর্থবছরে ৩৮ হাজার ২৫৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে। যা চলতি অর্থবছরের চেয়ে ২ হাজার ৩৭৯ কোটি টাকা বেশি। ২০২৩-২৪ অর্থবছরে এই খাতে বরাদ্দ ছিল ৩৫ হাজার ৮৮০ কোটি টাকা। অর্থাৎ নতুন অর্থবছরে ৭ শতাংশ বরাদ্দ বেড়েছে বাজেটে।

গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী বলেন, কৃষি উৎপাদনকে উৎসাহিত করতে ভর্তুকি প্রদান অব্যাহত রয়েছে এবং তা অদূর ভবিষ্যতেও চলমান থাকবে। সারে ভর্তুকি প্রদানের পাশাপাশি কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে যান্ত্রিকীকরণকে উৎসাহিত করা হচ্ছে।

খাদ্য অপচয় রোধে ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে খাদ্যগুদামের ধারণক্ষমতা প্রায় ২২ লাখ টনে উন্নীত করা হয়েছে। আগামী অর্থবছরে তা ২৯ লাখ টনে উন্নীত করা হবে বলে বাজেট বক্তব্যে উল্লেখ করা হয়েছে।

আবুল হাসান মাহমুদ আলী বলেন, মৎস্য খাতে সময়োপযোগী পরিকল্পনা গ্রহণ ও উন্নয়ন প্রকল্পের সফল বাস্তবায়নের ফলে ২০২২-২৩ অর্থবছরে ৪৯ লাখ টন মাছ উৎপাদন হয়েছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা নির্ধারিত ন্যূনতম প্রাণিজ আমিষের চাহিদা পূরণে দেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। প্রাণিস্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে সরকারি উদ্যোগে টিকা উৎপাদন ও প্রয়োগ বাড়ানো হয়েছে।

সরকারের পদক্ষেপের কারণে ফসলের উৎপাদন বেড়েছে জানিয়ে আবুল হাসান মাহমুদ আলী বলেন, ফসলের উৎপাদন ধারাবাহিকভাবে বাড়ছে। ২০০৮-০৯ অর্থবছরে খাদ্যশস্যের মোট উৎপাদন ছিল ৩২৮ দশমিক ৯৬ লাখ টন। ২০২২-২৩ অর্থবছরে তা প্রায় ৪২ শতাংশ বেড়ে ৪৬৭ দশমিক ৩ লাখ টনে দাঁড়িয়েছে। এ সময়ে ভুট্টা উৎপাদন ৭৮০ শতাংশ, আলু উৎপাদন ৯৮ শতাংশ ও সবজি উৎপাদন ৬৭৫ শতাংশ বেড়েছে। কৃষি খাতের এ উৎপাদন-বিপ্লবের ফলে বিশ্বের সবচেয়ে ঘনবসতির দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশ বিশ্বে চাল, সবজি ও পেঁয়াজ উৎপাদনে তৃতীয়, পাট উৎপাদনে দ্বিতীয়, চা উৎপাদনে চতুর্থ এবং আলু ও আম উৎপাদনে সপ্তম স্থান অধিকার করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত