নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন দুই বিভাগের জন্য বরাদ্দ প্রস্তাব করা হয়েছে ৩১ হাজার ১৪ কোটি টাকা। এর মধ্যে গত অর্থবছরের তুলনায় জননিরাপত্তা বিভাগে বরাদ্দ বেড়েছে ১৭৬ কোটি টাকা। আর সুরক্ষা সেবা বিভাগে কমেছে ২৬ কোটি টাকা। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে উপস্থাপিত অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর বাজেট বক্তব্যে এসব তথ্য জানানো হয়।
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, প্রস্তাবিত বাজেটে জননিরাপত্তা বিভাগের বাজেট ধরা হয়েছে ২৬ হাজার ৮৭৭ কোটি টাকা। চলতি অর্থবছরে যা ছিল ২৫ হাজার ১২৫ কোটি টাকা। তবে এবারের বাজেটে উন্নয়ন বরাদ্দ কমেছে। চলতি অর্থবছরের বাজেটে উন্নয়ন বরাদ্দ ছিল ১ হাজার ৭৭১ কোটি টাকা, এবার তা কমে হয়েছে ১ হাজার ৭০৭ কোটি টাকা। উন্নয়ন বরাদ্দ কমলেও বেড়েছে পরিচালন বরাদ্দ। জননিরাপত্তায় পরিচালন ব্যয় ধরা হয়েছে ২৫ হাজার ১৬৯ কোটি টাকা, যা চলতি বাজেটে ছিল ২৩ হাজার ৩৫৩ কোটি টাকা। প্রস্তাবিত বাজেটে বেশ কিছু উন্নয়ন প্রকল্পের প্রস্তাব করা হয়েছে। সেগুলো হলো বরিশাল মেট্রোপলিটন ও খুলনা জেলা পুলিশ লাইনস নির্মাণ, দেশের বিভিন্ন স্থানে পুলিশের জন্য ৯টি আবাসিক ভবন তৈরি, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৯টি আবাসন ভবন তৈরি, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জন্য আবাসিক ভবন তৈরি, বরিশাল ও সিলেট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এবং রেঞ্জ রিজার্ড (আরআরএফ) পুলিশ লাইনস নির্মাণ এবং পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মাণ করা। এ ছাড়া রয়েছে র্যাবের জন্য পাঁচটি কমপ্লেক্স, একটি ট্রেনিং সেন্টার, র্যাব সদর দপ্তর নির্মাণ এবং র্যাবের কারিগরি ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি করা। বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) জন্য সীমান্ত এলাকায় ৭৩টি আধুনিক বর্ডার অবজারভেশন পোস্ট (বিওপি) এবং বিজিবির নারায়ণগঞ্জের (৬২ বিজিবি) জন্য ব্যাটালিয়ন অবকাঠামো নির্মাণের কথাও উল্লেখ করা হয়েছে। আরও রয়েছে কোস্টগার্ডের জন্য লজিস্টিক ও ফ্লিট মেইনটেন্যান্স ফ্যাসিলিটিস গড়ে তোলা। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪০টি অস্ত্রাগার নির্মাণ প্রকল্পের জন্য বরাদ্দ রাখার কথাও বলা হয়েছে।
অন্যদিকে সুরক্ষা সেবা বিভাগে প্রস্তাবিত বাজেটে বরাদ্দ গত বছরের প্রস্তাবিত বাজেট থেকে ২৬ কোটি টাকা কমানো হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে সুরক্ষা সেবা বিভাগের বরাদ্দ প্রস্তাব করা হয়েছে ৪ হাজার ১৩৭ কোটি টাকা। ২০২৩-২৪ অর্থবছরে সুরক্ষা সেবা বিভাগে বাজেট ছিল ৪ হাজার ১৬৩ কোটি টাকা। ২০২৩-২৪-এর প্রস্তাবিত বাজেট থেকে সংশোধিত বাজেট করা হয় ৩ হাজার ৬৮৩ কোটি টাকা, যা প্রস্তাবিত বাজেট থেকে ৪৮০ কোটি টাকা কম। সুরক্ষা সেবা বিভাগের অধীন অধিদপ্তরগুলো হলো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, পাসপোর্ট অধিদপ্তর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং কারা অধিদপ্তর।
