নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে সংকটকালে বাস্তবসম্মত ও গণমুখী বাজেট বলে অভিহিত করেছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে বাজেট পেশের পর সংসদ ভবনে বাজেট প্রতিক্রিয়ায় এ কথা বলেন ওবায়দুল কাদের। প্রস্তাবিত বাজেটে দ্রব্যমূল্য যাতে বৃদ্ধি না পায় সে ব্যবস্থাও নেওয়া হয়েছে বলে দাবি আওয়ামী লীগের।
এদিকে নতুন অর্থ বছরের প্রস্তাবিত বাজেটকে ‘সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকারের বাজেট’ উল্লেখ করে স্বাগত জানিয়ে রাজধানী ঢাকায় আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগ এবং এর বিভিন্ন অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনের নেতাকর্মীরা। বাজেট ঘোষণার পর পর বিকেলে বঙ্গবন্ধু এভিনিউসহ বিভিন্ন স্থানে এসব মিছিল করা হয়।
প্রস্তাবিত বাজেটের প্রতিক্রিয়ায় ওবায়দুল কাদের বলেন, ‘সংকটের এই সময়ে গণমুখী বাজেট হয়েছে। দলের নির্বাচনী ইশতেহারে দেওয়া অঙ্গীকার ও অগ্রাধিকার খাত বিবেচনায় নিয়ে বাজেট দেওয়া হয়েছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণেও ফোকাসটা (মনযোগ) থাকবে। নতুন অর্থবছরের বাজেট বাস্তবসম্মত হয়েছে।’
বাজেট প্রণয়নে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো প্রেসক্রিপশন (পরামর্শমালা) মানা হয়েছে কি না সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, ‘কারও প্রেসক্রিপশন মেনে বাজেট প্রণয়ন করা হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার কারও প্রেসক্রিপশন মেনে চলে না।’
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফরের বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শুক্রবার নয়, শনিবার নরেন্দ্র মোদির শপথ উপলক্ষ্যে দিল্লি সফরে যাবেন।
বাজেট বাস্তবমুখী নয় বিরোধী দলের এমন সমালোচনা প্রসঙ্গে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম বলেন, ‘বিরোধী দল তো তাদের কথা বলতেই পারে। কিন্তু আমাদের দৃষ্টিতে বাজেট বাস্তবমুখী। গরিবের নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামে যাতে ঊর্ধ্বগতি না হয়, সেটা লক্ষ্য করে বাজেটটা সুন্দর করে দেওয়া হয়েছে।’
বাজেট সময়োপযোগী বলে মন্তব্য করেছেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আবদুর রহমান। তিনি বলেন, ‘প্রস্তাবিত বাজেট গণমুখী, উৎপাদনশীল বাড়বে এবং এ বাজেট বাস্তবায়ন যোগ্য।’
