সাভারের আশুলিয়ায় বিভিন্ন বাড়ি ও খামারে গরু ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র, পিকআপসহ দুর্ধর্ষ ডাকাত দলের ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়ার নবিনগর-চন্দ্রা মহাসড়করে ডেন্ডাবর এলাকার উইলিয়াম সোয়েটার্সের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা জেলা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো পাবনার সাঁথিয়া থানার সাঁথিয়া বাজার এলাকার মো. খয়ের প্রামাণিকের ছেলে তোফাজ্জল হোসেন ওরফে তুফান (৩৯), একই থানার তলট দক্ষিণপাড়া গ্রামের মৃত শুকুর আলীর ছেলে মিন্টু (৩৮) ও মানিকগঞ্জের দৌলতপুর থানার জিয়নপুর গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে ইয়াকুব আলী (৪০)। এ সময় তাদের কাছ থেকে দুটি চাকু, একটি চাপাতি, একটি হলুদ ও নীল রঙের পিকআপ (যার নম্বর ঢাকা মেট্রো-ন-১২-৪১১৯)।
পরে গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ হাবিব সিএনজি ফিলিং স্টেশনের দক্ষিণ পাশ থেকে মো. রাজু প্রামাণিক (৩১), মো. মোহর আলী (৫০), মো. জহিরুল ইসলাম (৪০) মো. ফজলুল ইসলামকে (২৭) গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি কাটার, দুটি স্ক্রু ড্রাইভার, লায়লনের রশি, দা, নীল ও হলুদ রঙের দুটি পিকআপ উদ্ধার করা হয়েছে।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ঢাকা জেলার পুলিশ সুপার আসাদুজ্জামান, পিপিএমের (বার) নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোবশিরা হাবীব খানের নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার (উত্তর) একটি দল বুধবার রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়া থানা এলাকায় বিভিন্ন বাড়ি ও খামারে গরুর ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুর্ধর্ষ ডাকাত দলের ৮ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে গরু ও মালামাল পরিবহনের কাজে ব্যবহৃত তিনটি পিকআপ জব্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় গতকাল গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আশুলিয়ার থানায় একটি মামলা (নং-১৮) করে আদালতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতিসহ বিভিন্ন মামলার রয়েছে। এ ছাড়া এ ধরনের ডাকাত দলের সদস্যদের গ্রেপ্তারে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
