৩০ কোটির ফাইনাল জিতে টুর্নামেন্টকে ‘আবেগময়’ বললেন সোয়ানতেক

আপডেট : ০৯ জুন ২০২৪, ১২:১২ এএম

ইতালির টেনিস তারকা জেসমিন পাওলিনিকে সরাসরি সেটে হারিয়ে ফ্রেঞ্চ ওপেনের হ্যাটট্রিক শিরোপা জিতেছেন ইগা সোয়ানতেক। পোল্যান্ডের এই টেনিস তারকা জিতেছেন ৬-২, ৬-১ সেটে। তাতে যেন একপেশে লড়াইটা জিতে নিলেন তিনি।

শিরোপা জিতে তার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে ৩০ কোটি ৬৫ লাখ ৫২ হাজার টাকা। কোটি কোটি টাকার এই ফাইনাল জেতার পর তিনি জানিয়েছেন, এবারের আসরটি ছিল তার কাছে আবেগময়। পাশাপাশি শুভকামনা জানিয়েছেন ফাইনালের প্রতিপক্ষ জেসমিন পাওলিনিকে।

ফাইনাল জিতে সোয়ানতেক বলেছেন, ‘দারুণ এক টুর্নামেন্টের জন্য অভিনন্দন জেসমিন। আপনি যেভাবে খেলেছেন তাতে আমি মুগ্ধ, আমি মনে করি আপনি অনেক কিছু করতে পারেন, বিশেষত রোলা গারোর এই কাদামাটিতে।’

নিজের পরিবার ও দলকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আমি আমার দল ও পরিবারকে ধন্যবাদ দিতে চাই, তারা ছাড়া আমি এখানে থাকতে পারতাম না। জেসমিন যেমন বলেছেন, আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই যারা এই টুর্নামেন্টকে সম্ভব করে তুলেছেন।’

তারপরই বলেছেন রোলা গারো তার কত প্রিয় জায়গা সেই কথা, ‘আমি এই জায়গাটিকে ভালোবাসি, আমি প্রতি বছর এখানে ফিরে আসার জন্য অপেক্ষা করি। আমি এই দ্বিতীয় রাউন্ড থেকে প্রায় ছিটকে গিয়েছিলাম, তাই আমার জন্য উল্লাস করার জন্য আপনাদের ধন্যবাদ, এটি একটি আবেগময় টুর্নামেন্ট ছিল। জেসমিন পাওলিনির প্রতি আগামীর জন্য শুভকামনা।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত