বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক আবদুস সালাম বলেছেন, প্রধানমন্ত্রীকে বলব দেশ চালাতে পারছেন না। যে বাজেট দিয়েছেন তা বেনজীর বাজেট। বেনজীর যেভাবে লুটপাট করেছে এ বাজেটও লুটপাটের বাজেট। আজকে সাধারণ মানুষ কথা বললেও ট্যাক্স দিতে হবে। মোবাইল বিল ৩০ শতাংশ বাড়ানো হয়েছে। যারা বৈধ পথে ইমকাম করবে তাদের ৩০ শতাংশ কর দিতে হবে। আর যারা দুর্নীতি করে টাকা ইনকাম করবে তাদেরকে দিতে হবে ১৫ শতাংশ কর।
শনিবার বিকালে বিএনপির নয়াপল্টন কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এবং স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি জহির উদ্দিন তুহিনসহ রাজবন্দিদের মুক্তির দাবিতে এক মানববন্ধনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। মানববন্ধনটি বিএনপি কার্যালয় থেকে শুরু হয়ে ফকিরাপুল বাজার পর্যন্ত বিস্তৃত হয়।
সালাম বলেন, বেনজীর যেদিন বেকায়দায় পড়েছে তার পরদিনই ওবায়দুল কাদের বলেছেন- তার দায়ভার আমরা নিব না। তাই অতি উৎসাহী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সাবধান হয়ে যান।কোথাও কোনো গাড়ি ভাংচুর হয়নি, অগ্নিসংযোগ হয়নি অথচ এসব অপরাধে বিএনপি নেতাকর্মীদের মামলা দিয়েছেন, সাজা দিচ্ছেন। অথচ, আজকে লুটেরাদের বিরুদ্ধে ওয়ারেন্ট হচ্ছে না। প্রশাসনের প্রধানকে বলব যারা দুর্নীতি করছে, ব্যাংক লুট করছে, শেয়ারবাজার লুট করছে, তাদের ধরা শুরু করেন। দেখবেন সবাই পালাতে শুরু করেছে।
তিনি বলেন, বিদেশের শ্রমবাজার আজ চার এমপি ধ্বংসের দিকে নিয়ে গেছে। যেখানে ৭০-৮০ হাজার টাকা লাগে সেখানে ৮-৯ লাখ টাকা নেওয়া হচ্ছে। পুলিশকে বলব, বিচারকদের বলব আল্লাহর ওয়াস্তে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করুন। লুণ্ঠিত অর্থ উদ্ধার করুন।
ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক আবদুস সালামের সভাপতিত্বে সদস্য সচিব রফিকুল আলম মজনুর সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, ওলামা দলের আহবায়ক মাওলানা সেলিম রেজা, মৎসজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক রিয়াজ উদ্দীন নসূ, স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব পাপ্পা সিকদার, ছাত্রদলের পাভেল সিকদার, খালিদ হাসান জ্যাকী, শামসুজ্জামান সূরুজ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক নবী উল্লাহ নবী, যুগ্ম আহবায়ক ইউনুস মৃধা, মোহাম্মদ মোহন, মোশাররফ হোসেন খোকন, আবদুস সাত্তার, হাজী মনির হোসেন চেয়ারম্যান সাইদুর রহমান মিন্টু প্রমুখ।