বাড়ির ভাড়াটিয়ার কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগে হওয়া মামলায় গ্রেপ্তার করা হয়েছে মোহাম্মদ লুৎফর রহমান নামে এক ব্যক্তিকে। তিনি ধর্মীয় বক্তা হিসেবে এলাকায় পরিচিত। তার বিরুদ্ধে গত ছয় মাস ধরে ওই কিশোরীকে বিভিন্ন সময়ে ধর্ষণের অভিযোগ রয়েছে। গত বৃহস্পতিবার রাতে লালবাগ থানা পুলিশ ফরিদপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
পুলিশের লালবাগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার সুজয় সরকার বলেন, লালবাগে লুৎফর রহমানের পাঁচতলা একটি বাড়ি রয়েছে। পেশায় তিনি ধর্মীয় বক্তা। নিজের বাড়ির তৃতীয় ও চতুর্থতলায় পরিবারের সদস্যদের নিয়ে থাকতেন লুৎফর রহমান। বাড়ির দ্বিতীয়তলা এক চাল ব্যবসায়ীর কাছে ভাড়া দেন। ওই চাল ব্যবসায়ীর তিন সন্তানের মধ্যে ১৫ বছর বয়সী কিশোরী সবার ছোট। ভাড়াটিয়া হিসেবে ওই কিশোরীর বাবার সঙ্গে ভালো সর্ম্পক তৈরি করেন বাড়ির মালিক লুৎফর। সেই সুবাদে ভাড়াটিয়ার বাসায় প্রায়ই যাতায়াত ছিল। ছয় মাস আগে প্রথম ওই কিশোরীকে একা পেয়ে ধর্ষণ করেন লুৎফর। এরপর নানা অজুহাতে বেশ কয়েক দফায় ধর্ষণ করেন। কিশোরী প্রথমে বিষয়টি ভয়ে পরিবারের কাউকে বলেনি। পরে বিষয়টি অতিরিক্ত পর্যায়ে চলে গেলে পরিবারের সদস্যদের জানায়। এরপর বিষয়টি জানাজানি হলে লুৎফর রহমান আত্মগোপনে চলে যান।
পুলিশ জানায়, বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে ওই কিশোরীর বাবা লালবাগ থানায় লুৎফর রহমানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন গত ৬ জুন। ওই মামলার পর পুলিশ তদন্ত করে ঘটনার সত্যতা পেয়ে লুৎফর রহমানকে গ্রেপ্তারে অভিযান চালায়।
