নিউইয়র্কে আজ ডি গ্রুপের ভাগ্য অনেকটাই নির্ভর করছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ম্যাচটির ওপর। এর মধ্যেই ২টি ম্যাচ খেলে দুটিতেই জিতে সবার ওপরে আছে দক্ষিণ আফ্রিকা। শ্রীলঙ্কাকে সহজেই ৬ উইকেটে হারানোর পর শনিবার নেদারল্যান্ডসের বিপক্ষে কোনোমতে জয় পেয়েছে প্রোটিয়ারা। আজ বাংলাদেশকে হারালে সুপার এইট অনেকটাই নিশ্চিত হবে তাদের।
অন্যদিকে ডালাসে লঙ্কানদের বিপক্ষে রোমাঞ্চকর ম্যাচটা ২ উইকেটে জিতে শুরু করা বাংলাদেশের লক্ষ্য নিউইয়র্কে জয়োধ্বজা উড়িয়ে বাকি পথটা মসৃণ করা। সেই লক্ষ্য পূরণে বাংলাদেশ আজ তাকিয়ে থাকবে দারুণ ফর্মে থাকা বাঁ-হাতি পেসার মোস্তাফিজুর রহমানের। আর টানা তিন জয় নিশ্চিতে প্রোটিয়াদের প্রত্যাশার কেন্দ্রে থাকবেন বিস্ফোরক ব্যাটার হেইনরিখ ক্লাসেন।
কিছুদিন আগেই শেষ হয়েছে আইপিএল। ফাইনালে কলকাতা নাইট রাইডার্সের কাছে হেরে যাওয়া সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটিংয়ের অন্যতম স্তম্ভ ছিলেন সোয়া ৫ কোটি রুপির ক্লাসেন। দলের সেরা তিন ব্যাটারের একজন হয়ে ১৬ ম্যাচে ১৭১.০৭ স্ট্রাইকরেট ও ৩৯.৯২ গড়ে তৃতীয় সর্বোচ্চ ৪৭৯ রান করেন। যাতে ছিল চারটি ফিফটি। এবারের আসরে সর্বোচ্চ রান সংগ্রহকের তালিকায় তিনি ১১তম। সেই ফর্মটা নিয়েই বিশ্বকাপ শুরুর করা ক্লাসেন অবশ্য কিছুটা দিগ্ভ্রান্ত। ছোট সংস্করণের আন্তর্জাতিক মঞ্চে বেশ কিছুদিন ধরেই হাসছে না ক্লাসেনের ব্যাট। দুনিয়া জুড়ে ফ্র্যাঞ্চাইজি আসরগুলোতে চার-ছক্কার ঝড় তুলছেন নিয়মিত, তবে দেশের জার্সিতে কেন যেন পারছেন না ৩৩-এ পা রাখতে যাওয়া ক্লাসেন।
৪৫ ম্যাচের ক্যারিয়ারে ১৪৩.৮২ স্ট্রাইক রেট ও ২২.৫৭ গড়ে তার সংগ্রহ ৭৪৫ রান। চারটি হাফ সেঞ্চুরি রয়েছে তার। তবে এখনো তিন অঙ্ক ছোঁয়া হয়নি। সর্বশেষ ফিফটি ছিল ভারতের বিপক্ষে ২০২২ সালে। ৫৯ বলে ৮১ রানের ইনিংসটিই তার ক্যারিয়ার সেরা। চলতি বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে অপরাজিত ১৯ এবং নেদারল্যান্ডসের বিপক্ষে ৪ রান করেছেন।
তিন সংস্করণ মিলিয়ে বাংলাদেশের বিপক্ষে ক্লাসেন খেলেছেন একটা ম্যাচ। গত বছর ওয়াংখেড়েতে ওয়ানডে বিশ্বকাপে ৪৯ বলে ৯০ রানের বিধ্বংসী ইনিংস খেলে বাংলাদেশের বিপক্ষে দলের ১৪৯ রানের বিশাল জয়ে বড় ভূমিকা রাখেন এই উইকেটকিপার-ব্যাটার। সেটাই আজ অনুপ্রেরণা জোগাতে পারে এই মিডল অর্ডারকে।
এ বছর বল হাতে ভীষণ ধারাবাহিক মোস্তাফিজ। ৯ ম্যাচের মাত্র দুটিতে ছিলেন উইকেটশূন্য। মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ম্যাচ সিরিজে ২ উইকেট পেলেও জিম্বাবুয়ে ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দ্বিপক্ষীয় সিরিজে বয়ে এনেছেন আইপিএল-এর ফর্ম। এ বছর ৯ ম্যাচে তার শিকার সংখ্যা ১৮ উইকেট। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-২০ সংস্করণে খুব বেশি সুবিধে করতে পারেননি মোস্তাফিজ। ৩ ম্যাচ খেলে ৮৯ গড়ে নিয়েছেন কেবল ২ উইকেট। তবে এবারের আইপিএলটা মোস্তাফিজেরও কেটেছে স্বপ্নের মতো। জাতীয় দলের ব্যস্ততা থাকায় মাত্র ৯ ম্যাচ খেলেছেন ২ কোটি রুপি মূল্যে চেন্নাই সুপার কিংসে খেলা মোস্তাফিজ। ৯ ম্যাচে ২২.৭১ গড়ে শিকার করেছেন ১৪ উইকেট। সর্বোচ্চ ইউকেট শিকারির তালিকায় তিনি ২১তম। চেন্নাইয়ের হয়ে তিনিই দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি।
টি-২০ র্যাংকিংয়ে ২৩তম স্থানে থাকা মোস্তাফিজ বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের কাছে ২-১ এ হারা সিরিজে শিকার করেছেন ১০ উইকেট। প্রথম দুই ম্যাচে দুটি করে মোট চারটি উইকেট নিলেও দল হেরে যায়। তবে শেষ ম্যাচে মাত্র ১০ রান খরচায় ক্যারিয়ার সেরা ৬ উইকেট নিয়ে দলের জয়ে বড় ভূমিকা রাখেন। তাতে ম্যাচসেরা ও সিরিজ সেরার স্বীকৃতিও পেয়ে যান। বিশ্বকাপের প্রথম ম্যাচেও মোস্তাফিজ বজায় রাখেন তার ফর্ম। শ্রীলঙ্কাকে ২ উইকেটে হারানোর ম্যাচে ১৭ রান খরচায় নেন ৩ উইকেট। শিকারের তালিকায় ছিলেন লঙ্কান ওপেনার পাথুম নিশাঙ্কা, কামিন্দু মেন্ডিসের মতো ব্যাটার।
নিজেকে হারিয়ে খুঁজতে থাকা ক্লাসেনের বিপক্ষে আজ বল হাতে রাজত্ব করতে নামবেন দারুণ ছন্দে থাকা মোস্তাফিজ। দুদেশের লড়াইয়ের মধ্যে এই লড়াইটাও হয়ে উঠতে পারে রোমাঞ্চকর।
