কাতারে 'ডাকাতির' শিকার ভারতীয় দলের বিশ্বকাপ স্বপ্নভঙ্গ

আপডেট : ১২ জুন ২০২৪, ০২:২২ পিএম

যে দেশ গত বছর বিশ্বকাপ ফুটবল আয়োজন করে সাড়া ফেলে দিয়েছিল, সেই দেশে ‘ডাকাতি’-র শিকার হল ভারতীয় ফুটবল দল! রেফারি এবং দুই লাইন্সম্যান মিলে ডাকাতি করলেন। তাতে বিশ্বকাপ ২০২৬-এ খেলার স্বপ্ন ভঙ্গ হয়েছে ভারতের। 

দোহায় মঙ্গলবারের ম্যাচ জিতলে ৮ পয়েন্ট নিয়ে 'এ' গ্রুপের দ্বিতীয় দল হিসেবে তৃতীয় রাউন্ডে উঠতে পারতো ভারত। গ্রুপ শীর্ষের কাতারের বিপক্ষে ৩৭ মিনিটে লালিয়ানজুয়ালা ছাংতের গোলে ৭৩ মিনিট পর্যন্ত এগিয়েও ছিল ভারত। এরপরই হাস্যকর রেফারিংয়ের শিকার হয় ভারত। ইউসুফ আইমেনের একটি হেড ভারতের গোলরক্ষক গুরপ্রীত সিং বাচিয়ে দেয়ার পর বল গড়িয়ে পোস্টের পাশ দিয়ে বাইরে চলে যায়। তখন আরেক কাতারি আল হাসান সেখান থেকে বল টেনে নিয়ে এসে বাড়ান আইমেনকে। টোকা মেরে বল পোস্টে পাঠান আইমেন। 

গোলের পর কাতারের ফুটবলারদের দেখে পরিষ্কার বোঝা যায় তারাও ভাবেননি এটি গোল দেওয়া হবে। কিন্তু কোরিয়ান রেফারি কিম উয়ো সাং সবাইকে অবাক করে দিয়ে গোল দিয়ে দেন। ভারতীয়রা প্রতিবাদ করলেও কানে তোলেননি। ভিএআর না থাকায় ঘটনাটা দেখারও সুযোগ ছিল না। 

এর কয়েক মিনিট পর কাতার দ্বিতীয় গোল করে ম্যাচ জিতে নেয়। আরেক ম্যাচে আফগানিস্তানকে হারানো কুয়েত ভারতকে পয়েন্টে টপকে জায়গা করে নেয় তৃতীয় রাউন্ডে। 

৯ গ্রুপের সেরা দুই দল- কাতার, কুয়েত, জাপান, দক্ষিণ কোরিয়া, ওমান কিরগিস্তান, ইরান, উজবেকিস্তান, ইরাক, ইন্দোনেশিয়া, জর্ডান, সৌদি আরব, আরব আমিরাত বাইরাইন, অস্ট্রেলিয়া, ফিলিস্তান তিন গ্রুপে ভাগ হয়ে তৃতীয় রাউন্ড খেলবে। প্রতি গ্রুপের সেরা দুদল সরাসরি উঠে যাবে বিশ্বকাপ ২৬'র চূড়ান্ত পর্বে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত