কোহলিদের বিপক্ষে খেলতে ভয় নয়, মুখিয়ে আছে যুক্তরাষ্ট্র

আপডেট : ১২ জুন ২০২৪, ০২:২৪ পিএম

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই চমক দেখিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। জায়ান্ট কিলার রূপে যেন তাদের অভিষেক হয়েছে টুর্নামেন্টে। প্রথম ম্যাচে কানাডাকে হারানোর পরও তাদের কেউ সিরিয়াসলি নেয়নি। কিন্তু পাকিস্তানকে ধরাশায়ী করে দেয় মোনাঙ্ক প্যাটেল, অ্যারন জোনসরা ক্রিকেট বিশ্বকে নাড়িয়ে দিয়েছেন। রীতিমতো তাদের ক্রিকেটাররা এখন চর্চার বিষয় হয়ে উঠেছেন প্রতিপক্ষ দলগুলির বিপক্ষে।

আজ তারা নিজেদের তৃতীয় ম্যাচে ভারতের বিপক্ষে খেলতে নামছে। সেই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন দলটির সহ অধিনায়ক অ্যারন জোনস। জানিয়েছেন ভারতের বিপক্ষে লড়াই করার জন্য মুখিয়ে আছে তাদের পুরো দল। তারকায় ঠাসা এক দলের বিপক্ষে খেলা উৎসাহিত করবে এটা ভেবেই রোমাঞ্চিত হচ্ছেন। বিরাট কোহলির মতো ক্রিকেট গ্রেটের বিপক্ষে লড়াই মোটেও ভয় পাচ্ছেন না।

ভারতের বিপক্ষে মুখোমুখি হওয়ার আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সহ-অধিনায়ক জোনস বলছেন, ‘আমি ছোট থেকে যখন বড় হয়েছি, সব সময় ভাবতাম বিশ্বের সেরা ক্রিকেটারদের বিরুদ্ধে খেলব, এখন সেটার সুযোগ পাচ্ছি। আমি তাই মুখিয়ে রয়েছি এই ম্যাচের জন্য। আমি যে সুযোগটা পেয়েছি, সেটা আমার কাছে উৎসাহের, এক্ষেত্রে প্রতিপক্ষ দল শক্তিশালী বলে ভয় পাচ্ছি না মোটেই। অবশ্যই তাদের সঙ্গে খেলব, আলাপ করব। তবে চেষ্টা করব জেতার। আমাদের দলে অনেক ভারতের ছেলেরা রয়েছে, যারা এবারের ভারতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে অতীতে খেলেছে, তাই তারাও বেশ উত্তেজিত এই ম্যাচে একে অপরের বিরুদ্ধে খেলার জন্য।’

প্রথম দিকের কয়েকটা ম্যাচে মাঠে লোক অতটা না আসলেও ভারতীয় দলের খেলার দিন মাঠের গ্যালারি পুরো ঠাসা থাকছে। জোনসের আশা তাদের খেলা দেখতেও মাঠ ভরাবেন সেদেশের সমর্থকরা। মার্কিন যুক্তরাষ্ট্রের জনতার মধ্যে খেলার প্রতি আলাদা একটা ঝোঁক রয়েছে, ক্রিকেটের প্রসারে সেখানে টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ায় অ্যারন জোনসের আশা, ক্রিকেট মাঠেও সমর্থকরা আসতে শুরু করবেন দ্রুত, কারণ কয়েক বছর পর অলিম্পিকেও ক্রিকেট অন্তর্ভুক্ত হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত