খাবারের সঙ্গে স্বামী-স্ত্রী ও দুই সন্তানকে বিষপান, ছেলের মৃত্যু

আপডেট : ১২ জুন ২০২৪, ০৭:৫৬ পিএম

গাজীপুরের কালীগঞ্জে পারিবারিক কলহের জেরে খাবারের সঙ্গে স্বামী-স্ত্রী ও দুই সন্তানকে বিষপান করানোর ঘটনা ঘটেছে। অসুস্থ অবস্থায় চারদিন হাসপাতালে থাকার পর ছেলের মৃত্যু হয়েছে। এখনো স্বামী-স্ত্রী ও মেয়ে চিকিৎসাধীন আছেন। তবে পারিবারের কোন সদস্য তাদের বিষপান করায় এই তথ্য জানা যায়নি। ঘটনাটি জাঙ্গালীয়া ইউনিয়ন পরিষদের সদস্য লাভলী বেগমের বাড়ি রয়েন গ্রামে ঘটেছে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার জাঙ্গালীয়া ইউনিয়ন পরিষদের সদস্য লাভলী বেগমের বাড়িতে গত শুক্রবার দুপুরে পারিবারিক কলহের জেরে খাবারের সঙ্গে বিষপান করানো  হয় স্ত্রী লাভলী, তার স্বামীসহ দুই সন্তানকে। স্থানীয়রা তাদের প্রথমে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। তাদের অবস্থার উন্নতি না হওয়ায় ঢাকার সিনসিন হাসপাতালে তাদের নেওয়া হয়।

আজ বুধবার সকালে মেম্বারের ছেলে মো. জাইদুল পালোয়ান (২২) সিনসিন হাসপাতালে মারা যায়। অপর তিনজন লাভলী মেম্বার, স্বামী কবির পালোয়ান ও মেয়ে মিনা আক্তারের অবস্থা আশঙ্কাজনক। সংবাদ পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. মাজেদুল ইসলাম জানান, বিষপানে মৃত মো. জাইদুল ইসলাম পালোয়ানের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে মরদেহ। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত