আদালত অবমাননার অভিযোগের মামলায় বিএনপির ৭ আইনজীবীকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়েছে আপিল বিভাগ। গতকাল বুধবার এ আদেশ দেয় আদালত। আগামী ২৫ জুলাই এ মামলায় পরবর্তী শুনানি হবে। আদালতে আইনজীবীদের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন। তিনি আদালতকে অবহিত করে বলেন, সাত আইনজীবীর মধ্যে জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী ইতিমধ্যে মারা গেছেন। আদালত এ মামলা থেকে এ জে মোহাম্মদ আলীর নাম বাদ দিয়ে অভিযোগের বিষয়ে অপর ৬ জনকে লিখিত জবাব দিতে নির্দেশ দেয়।
গত বছর আগস্টে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় বিচারকদের ‘শপথবদ্ধ রাজনীতিবিদ’ উল্লেখ করে বক্তব্য দেওয়ায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দুই বিচারপতির পদত্যাগ চেয়ে বিক্ষোভ কর্মসূচি ও সংবাদ সম্মেলন করেন বিএনপিপন্থি আইনজীবীরা। এ ঘটনায় তাদের বিরুদ্ধে এ অভিযোগ আনা হয়।
