প্রতারণার ফাঁদে পড়ে হজে যেতে পারেননি মা-ছেলে, গ্রেপ্তার ২

আপডেট : ১৩ জুন ২০২৪, ০৭:৩২ পিএম

হজ এজেন্সি দিয়া ইন্টারন্যাশনাল'র প্রতারণার শিকার হয়ে সৌদী আরব হজ পালন করতে পারেননি নীলফামারীর পূর্ব কুখাপাড়া মহল্লার বাসিন্দা মা কাজী সেবেকা হক বকুল (৫৬) ও ছেলে কাজী রায়হানুজ্জামান রোমান (৩৮)। এ ঘটনায় দায়ের করা মামলায় পুলিশ বুধবার রাতে অভিযান চালিয়ে হজ এজেন্সি দিয়া ইন্টারন্যাশনাল'র দুই মোয়াল্লেন পদধারীকে নীলফামারী থানা পুলিশ গ্রেপ্তার করেছে।

তারা হলেন জেলা সদরের পঞ্চপুকুর ইউনিয়নের উত্তরাশশী পুরান কাচারী বসুনিয়াপাড়া গ্রামের মো. নুরুল্যাহ ওরফে বুলবুল (৪২) ও জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই হাতিবান্ধা গ্রামের আবু সাঈদ ওরফে সাঈদ ওরফে জমির উদ্দিন হাফেজ(৪৭)। আজ বৃহস্পতিবার বিকালে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়।

জানা যায়, আসামিরা মা ও ছেলেকে সৌদি আরবে হজ পালনের জন্য নগদ ১২ লাখ ৪২ হাজার টাকা ও পাসপোর্ট জমা নেন। এ জন্য তারা মা ও ছেলেকে বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে জানায় গত ৫ জুন সময় বিকাল ৫টায় হজ ফ্লাইটে তারা সৌদি আরব যাবেন। কিন্তু আসামিরা হজ ফ্লাইটের পাসপোর্ট ভিসা ও বিমানের টিকেট দিতে ব্যর্থ হয়। মা ও ছেলে হজে যেতে ব্যর্থ হলে শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়েন। এরপর আসামিরা উল্টো হুমকি দিয়ে বলে তারা টাকা ও পাসপোর্ট ফেরত দিতে পারবে না। এ নিয়ে বাড়াবাড়ি করলে মা-ছেলের নামে উল্টো মামলা দায়ের করবে। এমন হুমকি পেয়ে প্রতারণার শিকার মা ও ছেলে সদর থানায় মামলা দায়ের করেন।

নীলফামারী সদর থানার ওসি তানভীরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুই মূল আসামিকে তাদের বাড়ি হতে গ্রেপ্তার করে বৃহস্পতিবার জেলহাজতে প্রেরণ করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত