শত্রু আক্রমণ করলে জবাব দিতে প্রস্তুত : সেনাপ্রধান

আপডেট : ১৬ জুন ২০২৪, ০২:১৩ এএম

সেনাবাহিনী প্রধান এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, আমাদের দেশে যদি বহির্শত্রু আক্রমণ করে সেটাকে আমরা প্রতিহত করব। আমরা সেনাবাহিনী প্রস্তুত আছি। বর্ডার ভায়োলেসন হচ্ছে তার জন্য বর্ডারগার্ড, কোস্ট গার্ড আছে, তারা বিষয়টি তদারকি করছে। এর চেয়ে লেভেল অন্যদিকে গেলে সমুচিত ব্যবস্থা আমরা নেব।

গতকাল শনিবার দুপুরে শরীয়তপুরের জাজিরায় বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে শেখ রাসেল সেনানিবাসে একটি ব্রিগেড সিগন্যাল কোম্পানির পতাকা উত্তোলন অনুষ্ঠান শেষে বাংলাদেশ ও মিয়ানমার বর্ডার উত্তেজনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেনাপ্রধান এসব কথা বলেন।

সেনাপ্রধান বলেন, ফোর্সেস গোল-২০৩০ সাল বাস্তবায়নের লক্ষ্যে ও বাংলাদেশ সেনাবাহিনী আধুনিকায়নে এগিয়ে যাচ্ছে। তারই প্রতিফলন  ব্রিগেড সিগন্যাল কোম্পানির পতাকা উত্তোলন। বাংলাদেশ সেনাবাহিনী প্রদত্ত দায়িত্ব দেশের সার্বভৌমত্ব রক্ষা করা। সেই কাজে সেনাবাহিনী সম্পূর্ণ প্রস্তুত আছে। তিনি আরও বলেন, ১৯৭৪ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিরক্ষা নীতির আলোকে প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় প্রণীত হয় ‘ফোর্সেস গোল- ২০৩০’। আজকের এই পতাকা উত্তোলনের মাধ্যমে ‘ফোর্সেস গোল-২০৩০’-এর আরেক ধাপ বাস্তবায়িত হলো।

এর আগে পতাকা উত্তোলন অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান সেনাবাহিনীর নতুন ইউনিটের সব সদস্যদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পরে সেনাবাহিনীর প্রধান শেখ রাসেল সেনানিবাস চত্বরে একটি গাছের চারা রোপণ করেন।

এ সময় লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান, শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য একেএম এনামুল হক শামীম, শরীয়তপুরের জেলা প্রশাসক মোহাম্মদ নিজাম উদ্দিন আহমেদ, পুলিশ সুপার মাহবুবুল আলমসহ অনুষ্ঠানে সেনাসদরের জ্যৈষ্ঠ সামরিক কর্মকর্তাসহ জেনারেল অফিসার কমান্ডিং ৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার সাভার এরিয়া, সেনাসদর ও সাভার এরিয়ার ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিদায়ী অনুষ্ঠানে স্মৃতিচারণ : নড়াইলের লোহাগড়ায় বিদায়ী অনুষ্ঠানে বিভিন্ন স্মৃতিচারণ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। গতকাল শনিবার বিকেলে নড়াইলের লোহাগড়ায় বাবার স্মৃতিবিজড়িত মল্লিক ইউনিয়ন সরকারি মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের সামনে তিনি স্মৃতিচারণ করেন। তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের সময় পৈতৃকভিটা নড়াইলের করফা গ্রামে ছিলাম। এখানে অনেক স্মৃতি জড়িয়ে আছে। যা কখনোই ভোলার নয়। লোহাগড়া, মল্লিকপুর ও করফা এলাকার কথা ভোলা যাবে না। এখানে বাবারও অনেক স্মৃতি রয়েছে। এলাকার জন্য বাবা অনেক কিছু করেছেন। অবসরের পরেও নড়াইলের সন্তান হিসেবে ক্রীড়াঙ্গন, পর্যটনসহ সব ক্ষেত্রে উন্নয়নের চেষ্টা করব। এর আগে সেনাপ্রধান লোহাগড়া বাজার এলাকায় ট্রাস্ট ব্যাংকের শাখা উদ্বোধন করেন। এ ছাড়া তিনি লোহাগড়ায় মধুমতি আর্মি ক্যাম্প পরিদর্শনে যান। এখানে স্থানীয় জনসাধারণের মধ্যে ঈদ উপহার তুলে দেন এবং গাছের চারা রোপণ করেন। এ সময় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নড়াইলের লোহাগড়া উপজেলার করফা গ্রামের জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ২০২১ সালের ২৪ জুন সেনাপ্রধান হিসেবে নিয়োগ পান। এরপর তিনি একাধিকবার নড়াইলের লোহাগড়ায় সফরে এসে রেললাইনসহ বিভিন্ন উন্নয়নকাজ উদ্বোধন করেন।

আগামী ২৩ জুন নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন জেনারেল ওয়াকার-উজ-জামান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত