শ্রীলঙ্কার ভরাডুবিতে হতাশ ম্যাথিউস

আপডেট : ১৬ জুন ২০২৪, ০১:২৭ পিএম

টি-টোয়েন্টি বিশ্বকাপে এবার গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত হয়েছে শ্রীলঙ্কার। চলতি বিশ্বকাপে শেষ ম্যাচের আগে তাই দেশবাসীর কাছে দুঃখপ্রকাশ করলেন অ্যাঞ্জেলো ম্যাথিউস।

দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশের কাছে হারে লঙ্কানরা। তবু টিকে ছিল শ্রীলঙ্কার সুপার এইটে খেলার আশা। কিন্তু নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের জয় টুর্নামেন্ট থেকে ছিটকে দিয়েছে তাদের।

এর আগে যাতায়াত ব্যস্থা, মাঠ থেকে হোটেলের দূরত্বসহ নানা অভিযোগ করেছিল শ্রীলঙ্কা দল। তবে সংবাদ সম্মেলনে নিজেদের ব্যর্থতা মেনে নিয়ে দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন শ্রীলঙ্কার অভিজ্ঞ এই অলরাউন্ডার।

ম্যাথিউস বলেন, 'আমরা পুরো দেশকে হতাশ করেছি। আমরা সত্যিই দুঃখিত। আমরা কখনও এমনটা আশা করিনি। আমাদের অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। তবে সেগুলো দুর্ভাবনার কিছু নয়। এটি খুবই দুর্ভাগ্যজনক যে আমরা দ্বিতীয় রাউন্ডে যেতে পারিনি।

সেন্ট লুসিয়ায় বাংলাদেশ সময় সোমবার ভোরে গ্রুপে নিজেদের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার জন্য ম্যাচটি শুধুই নিয়মরক্ষার।

নেদাল্যান্ডসকে নিয়ে ম্যাথিউস বলেন, 'আমরা কোনো দলকে হালকাভাবে নিতে পারি না। নেপাল কীভাবে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দিচ্ছিল আমরা দেখেছি। এটি দুর্ভাগ্যজনক যে নেপালের বিপক্ষে আমাদের ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেছে। টুর্নামেন্টে আমাদের আর একটি ম্যাচ বাকি। আমরা নিজেদের সম্মানের জন্য খেলব।'

×
সর্বশেষ সর্বাধিক পঠিত