আজ শেষ হচ্ছে ইউরো কাপের প্রথম রাউন্ড। এদিনই খেলতে নামছে পর্তুগাল। বিপক্ষ দল চেক প্রজাতন্ত্র। ইউরো কাপের অভিজ্ঞতা এবং খ্যাতির বিচারে বাকিদের থেকে এগিয়ে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদোই। এটাই সম্ভবত শেষ ইউরো কাপ হতে চলেছে তার।
৩৯ বছরের ফুটবলারের দিকেই তাকিয়ে রয়েছে পর্তুগাল। ২০১৬-র পর দ্বিতীয় ট্রফি জিততে ভরসা রোনালদোই। পর্তুগালের অধিনায়কও চাইবেন ট্রফি জিতে ক্যারিয়ার শেষ করতে।
এই নিয়ে ছয় নম্বর ইউরো কাপ খেলতে নামবেন রোনালদো। এই নজির আর কারো নেই। ২০০৪ সালে প্রথমবার ইউরোয় খেলেছিলেন রোনালদো। সেবার ফাইনালে উঠে স্বপ্নভঙ্গ হয়। ক্যারিয়ারের শেষ ইউরোতেও রোনালদোর চোখ সেই ট্রফিতেই।
তবে সেই রোনালদোই নাকি 'পর্তুগালের দুর্বলতা'।এমনটাই দাবি করেছেন চেকের কিংবদন্তি ফুটবলার কারেল পোবোরস্কি।
দেশটির সাবেক এই ফুটবলার বলেছেন, 'আমি অনেক দিন ধরেই বলে আসছি যে, পর্তুগালের সবচেয়ে বড় দুর্বলতার একটি হচ্ছে রোনালদো। উভয় দলের সমর্থকরা তার জন্য পাগল হয়ে যাবে, কিন্তু তার বয়সে সে খেলাটি গড়ে তুলতে এবং তার তরুণ সতীর্থদের মতো প্রেসিংয়ের জন্য ততটা ভাল নয়। তাই আমাদের সে থাকায় কিছুটা নির্ভারই বলা চলে।'
