আর পাঁচটা দিনের মতোই শুরু হয়েছিল মঙ্গলবারের (১৮ জুন) সকাল। অন্য দিনের মতো জনবহুল ছিল ভারতের মুম্বাইয়ের ভাসাই পূর্বের চিঞ্চপাদা এলাকা। কিন্তু সকাল সাড়ে ৮টা নাগাদ ছন্দপতন। প্রকাশ্যেই এক তরুণীর ওপর হামলা করে এক যুবক।
একবার, দুইবার নয়। একটানা ১৫ বার তরুণীকে মারা হয় লোহার বড় রেঞ্জ দিয়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তরুণীর। আর এ সময় হত্যাকাণ্ডটি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে প্রচুর মানুষ।
সিসিটিভি ফুটেজে দেখা গেছে, রাস্তায় ওই যুবক তরুণীকে তাড়া করছেন। এরপর রাস্তার মাঝে দাঁড়িয়েই রেঞ্জ দিয়ে বার বার তরুণীর মাথায় ও বুকে আঘাত করছেন। ঘটনার সময় যুবকের মুখে আতঙ্কের রেশটুকুও ছিল না।
এক পর্যায়ে হামলা থেকে বিরত করার জন্য এক ব্যক্তি ওই যুবককে থামানোর চেষ্টা করেন। কিন্তু যুবক তাকেও মারার হুমকি দেয়। ভয়ে ওই ব্যক্তি পিছিয়ে যান। এরপর আর কেউ আর যুবককে থামানোর চেষ্টা করেনি।
পুলিশ জানিয়েছে, হামলার পেছনে রয়েছে পূর্ব প্রেম। অভিযুক্তের নাম রোহিত। আর যাকে খুন করা হয়েছে সেই তরুণীর নাম আরতি। যুবকের বয়স ২৮ বছর এবং তরুণীর বয়স ২০ বছর। দীর্ঘ ছয় বছরের সম্পর্ক ছিল দুজনের। সম্প্রতি তাদের ব্রেকআপ হয়ে যায়। পুরনো প্রেমের জের ধরেই এই অপরাধের সূত্রপাত বলে জানিয়েছে পুলিশ।
কয়েকদিন আগেই ব্রেকআপ হয় দুজনের। কিন্তু ব্রেকআপের পর আরতি অন্য কারো সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন বলে সন্দেহ করতে শুরু করে রোহিত। আর তাই রাগের মাথায় আরতির ওপর হামলা চালান তিনি।
রোহিতের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করেছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে তাকে। মামলার তদন্ত চলছে। তবে ঘটনার সূত্রপাত হয়েছিল আরও আগে। সূত্রের খবর, গত শনিবার রোহিতের বিরুদ্ধে মামলা করেন আরতি। অভিযোগ করেন রোহিত তার ফোন ভেঙে ফেলেছে। এমনকি রাগের মাথায় আরতিকে মারধর করে বলেও অভিযোগ করেছিল আরতি।
রায়বেরিলির সঙ্গে গান্ধী পরিবারের সম্পর্ক কি
সমকামী বিয়ের অনুমোদন দিল থাই পার্লামেন্ট, রংধনু পতাকা উড়িয়ে উচ্ছ্বাস