বদলি হিসেবে ফ্রন্সিসকো কনসেসাও যখন মাঠে নামেন ম্যাচে চলছে যোগ করা সময়ের খেলা। পর্তুগাল অপেক্ষায় ড্র করা ম্যাচের ফল নিয়ে মাঠ ছাড়ার। ওই সময়েই গোল করে দেশকে নাটকীয় জয় পাইয়ে দেন কনসেসাও। ম্যাচ শেষে তাই এ অনূর্ধ্ব-২১ ফুটবলারকে নিয়ে দারুণ উচ্ছ্বসিত দলটির প্রধান কোচ রবার্তো মার্তিনেজ।
ম্যাচ শেষে এই তরুণের প্রশংসা করে কোচ মার্তিনেজ বলেন, 'ফ্রন্সিসকো একজন সহজাত খেলোয়াড়। সে সুযোগ আদায় করে নেওয়ার চূড়ান্ত উদাহরণ। এখানে থাকাটা তার প্রাপ্য। আর দেখিয়েছে দলকে সাহায্য করতে সে প্রস্তুত। গত চার মাসের বেশি সময় ধরে নিজের ক্লাবের হয়ে ফ্রন্সিসকো যা করেছে, এখানে সে ঠিক তাই করেছে। কাজটা সহজ নয়। তবে সে দৃঢ়তা আর নিজের গুরুত্ব দেখিয়েছে।'
শেষদিকে জয়ের নায়ক কনসেসাও হলেও মাঝ মাঠের এদিন দুর্দান্ত ছিলেন আরেক তরুণ ভিতিনহা। তার প্রশংসা করতেও কৃপণতা করেননি এই কোচ, ‘প্রীতি ম্যাচগুলোতেও মাঠ ও মাঠের বাইরে সে খুব গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিল। আমাদের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি দল আছে। ভিতিনহার মতো খেলোয়াড় থাকা গুরুত্বপূর্ণ যে আমাদের ম্যাচ নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে।'
কনসেসাওয়ের প্রশংসা করেছেন লিভারপুলের সাবেক মিডফিল্ডার ড্যানি মারফি বলেছেন, 'তোমাকে মাঠে বদলি হিসেবে নামানো হয় ম্যাচ বদলে দেওয়ার জন্য অথবা কিছু করার জন্য। অবশ্যই বদলি হিসেবে তোমাকে ইমপ্যাক্ট রাখতে হবে। কি অসাধারণ গল্প।'
