স্ত্রীর কারণে সৌদির ৩ হাজার কোটি টাকার অফার ফিরিয়ে দিয়েছিলেন ফার্নান্দেজ

আপডেট : ২৫ এপ্রিল ২০২৬, ০৬:১১ পিএম

বর্তমান ফুটবল বিশ্বে যখন ক্রিশ্চিয়ানো রোনালদো, নেইমারদের মতো তারকারা বিশাল অংকের চুক্তিতে সৌদি প্রো লিগে পাড়ি জমাচ্ছেন, তখন সেই প্রলোভন তুড়ি মেরে প্রত্যাখ্যান করেছেন ম্যানচেস্টার ইউনাইটেড অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজ। কেন তিনি সৌদি ক্লাব আল হিলালের প্রস্তাব ফিরিয়ে ওল্ড ট্র্যাফোর্ডে থেকে গেলেন, সেই চাঞ্চল্যকর তথ্য এবার সামনে এনেছেন এই ৩১ বছর বয়সী পর্তুগিজ মিডফিল্ডার।

কিংবদন্তি ওয়েইন রুনির সঙ্গে বিবিসির এক আলাপচারিতায় ব্রুনো জানান, গত মৌসুম শেষে ক্লাব কর্তৃপক্ষ তাকে জানিয়েছিল যে তিনি চাইলে সৌদি আরবের বড় অফারটি গ্রহণ করতে পারেন। আল হিলাল এই পর্তুগীজকে প্রায় ২০০ মিলিয়ন পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩,০০০ কোটি টাকার বেশি) মূল্যের একটি বিশাল চুক্তির প্রস্তাব দিয়েছিল। কিন্তু ব্রুনো এবং তার স্ত্রী আনা পিনহোর চিন্তাধারা ছিল ভিন্ন।

ব্রুনো বলেন, "সৌদি আরবের প্রস্তাবটা টাকার দিক থেকে অনেক বড় ছিল। কিন্তু আমার স্ত্রী আমার মতোই বাস্তববাদী। আমরা বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হতে চাই না। আমরা শুধু আমাদের স্বপ্নগুলো পূরণ করতে চাই এবং সন্তানদের নিয়ে একটি সুন্দর জীবন কাটাতে চাই।"

সিদ্ধান্ত নেওয়ার মুহূর্তে তার স্ত্রী তাকে একটি প্রশ্ন করেছিলেন— "তুমি কি তোমার সব স্বপ্ন পূরণ করতে পেরেছ?" এই একটি ছোট প্রশ্নই ব্রুনোকে বুঝিয়ে দেয় যে, ইংল্যান্ডে তার কাজ এখনো শেষ হয়নি। দলের বিপর্যয়ের মুহূর্তে ক্লাব ছেড়ে যাওয়াটা তার কাছে সঠিক মনে হয়নি।

রোনালদোর জন্য বিশ্বকাপ জয়ের স্বপ্ন

শুধুমাত্র ক্লাব ফুটবল নয়, জাতীয় দল নিয়েও বড় স্বপ্ন দেখছেন ব্রুনো। ২০২৬ বিশ্বকাপে নিজের শেষ অধ্যায় লিখতে যাওয়া ৪১ বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনালদোর হাতে শিরোপা তুলে দিতে চান তিনি। ব্রুনো বলেন, "ক্রিশ্চিয়ানোর ক্যারিয়ারটা বিশ্বকাপ জয়ের মাধ্যমে শেষ করতে পারাটা হবে অবিশ্বাস্য। পর্তুগাল এবং বিশ্ব ফুটবলে ওর যা অবদান, তার জন্য হলেও আমি চাই আমরা এটা করে দেখাই।"

চলতি মৌসুমে অন্তর্বর্তীকালীন কোচ মাইকেল ক্যারিকের অধীনে বিধ্বংসী ফর্মে আছেন ব্রুনো। এখন পর্যন্ত ৮টি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ১৯টি গোল। ক্লাবের মালিকপক্ষ খরচ কমাতে চাইলেও ব্রুনোর বর্তমান পারফরম্যান্স তাকে নতুন এবং আরও বড় চুক্তির দাবিদার করে তুলেছে।

রোনালদোর সঙ্গে ব্রুনো ফার্নান্দেজ

ম্যান ইউ অধিনায়কের লক্ষ্য এখন স্পষ্ট— প্রিমিয়ার লিগ এবং চ্যাম্পিয়নস লিগের ট্রফি জয়। তিনি সোজাসুজি জানিয়ে দিয়েছেন, "আমি প্রিমিয়ার লিগ জিততে চাই, চ্যাম্পিয়নস লিগ জিততে চাই। আমি কখনো এটা লুকাতে চাই না।"

বিশ্বকাপে 'কে' গ্রুপে কঙ্গো, উজবেকিস্তান ও কলম্বিয়ার মুখোমুখি হবে ব্রুনো-রোনালদোর পর্তুগাল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত