এবার যুক্তরাষ্ট্রের নেভাদা মরুভূমিতে দেখা গেল রহস্যময় মনোলিথ স্তম্ভ

  • ধাতব স্তম্ভটি এতই ঝকঝকে যে পাথুরে জমি, নীল আকাশ পরিষ্কার ফুটে উঠেছে তার গায়ে
  • এগুলোকে ভিন্ন গ্রহের প্রযুক্তি অথবা পাগলাটে কোনো শিল্পীর শিল্পকর্ম বলে মনে করেন অনেকে
আপডেট : ১৯ জুন ২০২৪, ০১:৪০ পিএম

২০২০ সালের নভেম্বর থেকে বিশ্বের বিভিন্ন স্থানে রহস্যজনকভাবে কিছু ধাতব স্তম্ভের আবির্ভাব ঘটেছিল। এসব স্তম্ভ পরিচিত মনোলিথ হিসেবে। বিশেষ করে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের কয়েকটি স্থানে দেখা যায় রহস্যময় মনোলিথ। তবে কিছুদিন পরেই সেই স্থানগুলো থেকে উধাও হয়ে যায় স্তম্ভগুলো।

এর পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব মনোলিথ বা স্তম্ভ সম্পর্কে গুজব ছড়িয়ে পড়তে শুরু করে। এগুলোকে ভিন্ন গ্রহের প্রযুক্তি থেকে শুরু করে পাগলাটে কোনো শিল্পীর শিল্পকর্ম বলেও উল্লেখ করা হয়েছিল।

এদিকে কোনো কোনো মনোলিথ হঠাৎ উধাও হয়ে যাওয়ায় এসবকে ঘিরে মানুষের আগ্রহ ও রহস্য আরও ঘনীভূত হয়।

এবার সেই রহস্যময় মনোলিথ দেখা গেছে যুক্তরাষ্ট্রের নেভাদা মরুভূমিতে। গত সপ্তাহের শেষে লাস ভেগাস উপত্যকার উত্তরে গাস পিকের কাছে অনুসন্ধান অভিযানের সময় মনোলিথটি নজরে আসে লাস ভেগাস পুলিশের।

মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে লাগ ভেগাস পুলিশ জানায়, ‘আমরা অনেক অদ্ভুত জিনিস দেখি, কিন্তু এটি পরীক্ষা করে দেখুন!

সামাজিক যোগাযোগ মাধ্যমে পুলিশের প্রকাশিত ছবিগুলিতে মনোলিথটিকে কিছুটা রুক্ষ ও উঁচু-নিচু স্থানে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। পোস্টে পুলিশ আরও বলে, "এটা সেখানে কিভাবে উঠল?"

বিবিসি বলছে, মরুভূমিতে দেখা যাওয়া মনোলিথটি ১৯৬৮ সালের ৩ এপ্রিল যুক্তরাষ্ট্রে মুক্তি পাওয়া  সায়েন্স ফিকশন ঘরানার চলচ্চিত্র ‘২০০১: অ্যা স্পেস ওডিসি’ সিনেমার মধ্যে দেখানো মনোলিথের সাথে সাদৃশ্য রয়েছে।

পৃথিবী জুড়ে প্রশ্ন কী এই মনোলিথ? কেনই বা একে নিয়ে এত রহস্য? প্রিজম আকৃতির চকচকে ধাতব একটি স্তম্ভ। যা এই মুহূর্তে ‘মনোলিথ’ হিসেবে পরিচত। ২০২০ সালের বছরে ১৮ নভেম্বর এই ধাতব স্তম্ভের দেখা মেলে উটাহর পর্বতে। ওই পর্বতে এমন চকচকে ধাতব প্রিজম কোথা থেকে এল তা নিয়ে হইচই পড়ে যায়।

ধাতব স্তম্ভটি এতই ঝকঝকে যে পাথুরে জমি, নীল আকাশ পরিষ্কার ফুটে উঠেছে তার গায়ে।

তবে মজার বিষয় হল, ২৭ নভেম্বর মনোলিথটি হঠাৎ উধাও হয়। আচমকা মনোলিথটির রহস্যময় উধাও শোরগোল আরও বাড়িয়ে দেয়। এরপর ওই বছরের ২৬ নভেম্বর রাতে ইউরোপের রোমানিয়ার পাহাড়ে এক মনোলিথের দেখা মেলে। দুটিকে প্রায় একই রকম দেখতে।

রহস্যময় ধাতব পাতগুলো প্রায় ১০ থেকে ১২ ফুট উঁচু। চকচকে। তিনকোনা যুক্ত। রোমানিয়ার পাতটির গায়ে গ্রাফিটি করা ছিল বলে দাবি রয়েছে। এরপর ২০২১ সালে তুরস্কের সানলিউরফা প্রদেশে ইউনেস্কোর ‘ওয়ার্ল্ড হেরিটেজ’ সাইটে দেখা যায় মনোলিথটি। সেই মনোলিথের দৈর্ঘ্য ছিল ১০ ফুট।

এছাড়া ব্রিটেন, ক্যালিফোর্নিয়া, রোমানিয়া, এমনকি ভারতেও মনোলিথ দেখা গিয়েছে বলে খবর পাওয়া গিয়েছিল।

ইতিমধ্যে নেভাদা মরুভূমিতে মনোলিথটি দেখতে ভিড় জমাতে শুরু করেছেন মানুষজন। অনেকে আবার রহস্যের সমাধান করতেও নেমে পড়েছেন অনেকে। তবে এটি কোথা থেকে এল, কে বা কারা সেটি বসিয়ে গিয়েছে, আর কিভাবেই হঠাৎ করে এটি উধাও হয়ে যাচ্ছে আজ পর্যন্ত সেই সংক্রান্ত তথ্য কেউ জানতে পারেনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত