ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজাভি খোরাসান প্রদেশে পাঁচ মাত্রার ভূমিকম্প আঘাৎ হেনেছে। এতে করে প্রদেশটির কাশমার শহরে চার ব্যক্তি নিহত হয়েছেন।
স্থানীয় সময় মঙ্গলবার দুপুরের দিকে এ ভূমিকম্প আঘাত হানে। এতে করে শহরটিতে ১২০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ৩৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
কাশমারের গভর্নর হোজ্জাতুল্লাহ শরীয়তমাদারির বরাতে এ খবর জানিয়েছে ইরানের সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল।
ভূমিকম্পে শহরটির বেশির ভাগ জরাজীর্ণ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান কাশমারের গভর্নর।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্যমতে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মোঘান, রাজাভি খোরাসান প্রদেশ থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে। এছাড়া স্থানীয় ইরানি গণমাধ্যমগুলো বলছে, ভূমিকম্পটির উৎসের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৬ কিলোমিটার গভীরে।
ইরানে সাধারণত ঘন ঘন ভূমিকম্পের ঘটনা ঘটে থাকে। উত্তর-পশ্চিমাঞ্চলের পার্বত্য এলাকায় গত বছরের শুরুর দিকে ৫ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্প হয়েছিল। এতে তিন ব্যক্তি নিহত হয়েছিলেন। আহত হয়েছিলেন ৮০০ জনের বেশি। এলাকাটি তুরস্কের সীমান্তসংলগ্ন।
এবার যুক্তরাষ্ট্রের নেভাদা মরুভূমিতে দেখা গেল রহস্যময় মনোলিথ স্তম্ভ