শিরোনাম তৈরিতে পটু যুক্তরাষ্ট্রকে যেভাবে দেখছেন মার্করাম

আপডেট : ১৯ জুন ২০২৪, ০২:৪৬ পিএম

এবারের বিশ্বকাপে সবচেয়ে বেশি আলোড়ন তৈরি করা দেশটির নাম যুক্তরাষ্ট্র। প্রথমবার বিশ্বকাপ খেলতে এসেই মাঠে-মাঠের বাইরে সবার মন জয় করে নিয়েছে দেশটি। পাকিস্তানের মতো সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের বিদায় করে দিয়ে জায়গা করে নিয়েছে সুপার এইট পর্বে। আজ তাদের বিপক্ষে ম্যাচ দিয়ে সুপার এইট পর্ব শুরু করবে দক্ষিণ আফ্রিকা।

ম্যাচ পূর্বর্তী সংবাদ সম্মেলনে শিরোনাম তৈরিতে পটু যুক্তরাষ্ট্র সম্পর্কে জানতে চাওয়া হয় প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করামের কাছে। জবাবে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র খুব ভালো ক্রিকেট প্রদর্শন করছে। তাদের মতো আরও কিছু ছোট দেশ এবার প্রমাণ করেছে তারা আর ছোট নয়। তাই আমরা আমাদের শতভাগ দিয়ে সেরা খেলা উপহার দিতে চাই। একটি দারুণ চ্যালেঞ্জে আমাদের জন্য অপেক্ষা করছে।’

গ্রুপপর্বে বাংলাদেশ ও নেপালের বিপক্ষে হারতে হারতে ম্যাচ জিতেছে দক্ষিণ আফ্রিকা। নিজেদের নিয়ে অধিনায়ক বলেন, ‘আমরা আমাদের নিখুঁত ম্যাচটি উপহার দেওয়া প্রতীক্ষায় আছি। আমাদের বোলাররা দুর্দান্ত করছে। দুইবার তারাই আমাদের বিপদ থেকে উদ্ধার করেছে। এখন আমাদের ব্যাটসম্যানদের নতুন করে শুরু করার পালা। এখানকার কন্ডিশনও তাতে সহযোগিতা করবে আশা করছি।’

যুক্তরাষ্ট্রের অ্যারন জোনস অবশ্য বলেছেন, ‘আমাদের যে কাউকে হারানোর সক্ষমতা আছে বলে আমরা বিশ্বাস করি। এই মানসিকতা নিয়েই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে নামবো। আমরা চেষ্টা করবো কঠিন ক্রিকেট খেলার। এতে হয় ফল আমাদের পক্ষে আসবে অথবা আমরা অনেক কিছু শিখতে পারবো।’

অ্যান্টিগার নর্থ সাউন্ডে স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে আজ সুপার এইটে গ্রুপ ‘২’ এর ম্যাচে সৌরভ নেত্রভালকার বনাম আনরিখ নর্খিয়ার বোলিংয়ের লড়াইয়ের পাশাপাশি জোনস-অ্যান্ডারসন ও ডি কক-মার্করামদের ব্যাটের আগুনও দেখা যেতে পারে সমানতালে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত