তেজগাঁও ট্রাক স্ট্যান্ড সরানো হবে উল্লেখ করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, তেজগাঁও ট্রাক স্ট্যান্ড দীর্ঘদিন ধরে নগরবাসীর জন্য গলার কাঁটা হয়েছিল। এটি সরানোর জন্য তেজগাঁও আনিসুল হক সড়কের পাশে ১৫ বিঘা জমি বরাদ্দ পাওয়া গেছে। এই স্ট্যান্ডে পাঁচ হাজার ৮০০ ট্র্যাক থাকে। তেজগাঁও থেকে ট্রাক স্ট্যান্ডটি সরিয়ে ১৫ বিঘা জমিতে একটি উন্নত ও বহুতল ট্রাক স্ট্যান্ড করার মাধ্যমে ঢাকা শহরের মধ্যে শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারব।
আজ বুধবার (১৯ জুন) তেজগাঁও ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ‘বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ও ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে ইতিহাসের গতিধারায় বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা’ শীর্ষক সংবাদচিত্র প্রদর্শনী ও আলোচনাসভায় তিনি এ কথা বলেন।
মেয়র আতিক বলেন, আজ পর্যন্ত সবাই কিন্তু বলেছে ট্রাক স্ট্যান্ডের জন্য জায়গা দেব কিন্তু কখনো দেওয়া হয়নি। ১৫ বিঘা জায়গা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা শহরের মধ্যে ট্রাক এবং বাস রাখার জন্য বরাদ্দ দিয়েছেন।
তিনি বলেন, এখনই যদি এই জায়গার দেয়াল ভেঙে দেওয়া হয় তাহলে কাল থেকেই এখানে ট্রাক থাকতে পারবে। কিন্তু এখনই এখানে ট্রাক না রেখে, আমরা ট্রাক চালকদের সঙ্গে কথা বলছি কি ধরনের ডিজাইন তারা চান ট্রাক রাখার জন্য। এখানে ট্রাক যারা রাখবেন তাদের বিশ্রামাগার কোথায় হবে, ট্রাক কোথায় রাখবেন এই সব কিছু নিয়ে একটি মাল্টি প্ল্যান আমরা তৈরি করছি।
আলোচনাসভায় সভাপতিত্ব করেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য বেনজীর আহমদ। সঞ্চালনা করেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ।
বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে মাছ ব্যবসায়ী নিহত
নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে গ্রেফতার মার্কিন তারকা
দুর্নীতি মামলায় ইডি দপ্তরে ঋতুপর্ণা