শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে থাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান ছুটি কমিয়ে ২৬ জুন থেকে খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এখন থেকে শুক্রবারের পাশাপাশি শনিবারও সাপ্তাহিক ছুটি থাকবে।
এদিকে বন্যার কারণে আগামী ৮ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে সিলেট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা। গতকাল বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ঈদুল আজহা, গ্রীষ্মকালীন ছুটিসহ আগামী ৩ জুলাই স্কুল-কলেজ খোলার কথা থাকলেও ছুটি সংক্ষিপ্ত করার কারণ হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের যুক্তি হলো, পাঠদানের কর্মদিবস বছরব্যাপী কমেছে। এ ছাড়া শনিবারের বন্ধ পুনর্বহাল রাখার কারণে কর্মদিবস কমে যাবে। তাই গ্রীষ্মের ছুটি কমানো হয়েছে। এ ক্ষেত্রে শীতকালীন ছুটি কিছুটা বাড়তে পারে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক অতিরিক্ত সচিব জানান, এ বছরের শুরুতে তীব্র শীত এবং মাঝামাঝি সময়ে প্রচণ্ড গরমের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। ফলে শিখন ঘাটতি তৈরি হয়েছে। আবার নতুন শিক্ষাক্রম অনুযায়ী যেসব শ্রেণিতে পাঠদান হচ্ছে, সেসব শ্রেণিতে জুলাই মাসে অনুষ্ঠিতব্য ষান্মাসিক মূল্যায়নের প্রস্তুতিও ভালো হয়নি। অনেক শিক্ষাপ্রতিষ্ঠান নির্ধারিত সিলেবাস শেষ করতে পারেনি। এ জন্য সভার মাধ্যমে বিষয়টি চূড়ান্ত করা হয়।
বন্যার কারণে সিলেটে এইচএসসি পরীক্ষা স্থগিত : আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার গতকাল সাংবাদিকদের বলেন, সিলেট বিভাগের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি চলছে। সেখানে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা হয়েছে। পরীক্ষায় অংশ নেওয়ার মতো পরিস্থিতিতে নেই শিক্ষার্থীরা। সার্বিক দিক বিবেচনায় ৮ জুলাই পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে ৯ জুলাই থেকে ঘোষিত রুটিন অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে।
৮ জুলাই পর্যন্ত পরীক্ষা স্থগিত থাকায় সিলেট বোর্ডে বাংলা প্রথম পত্র ও দ্বিতীয় পত্র এবং ইংরেজি প্রথম পত্র ও দ্বিতীয় পত্রের পরীক্ষা আপাতত হবে না। স্থগিত পরীক্ষাগুলোর নতুন সময়সূচি পরে জানিয়ে দেবে শিক্ষা বোর্ড।
এদিকে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা ৩০ জুন শুরু হবে। এদিন বাংলা প্রথম পত্রের পরীক্ষা দিয়ে চলতি বছরের এসএসসি পরীক্ষা শুরু হবে। অন্যদিকে কুরআন মাজিদ পরীক্ষা দিয়ে আলিম পরীক্ষা শুরু হওয়ার কথা। আর কারিগরি বোর্ডের অধীনে এইচএসসির (বিএম/বিএমটি) বাংলা-২ বিষয়ের পরীক্ষা হবে। ১১ আগস্ট লিখিত পরীক্ষা শেষে ১২ থেকে ২১ আগস্ট পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা হবে। নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে মোট ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন শিক্ষার্থী এবার উচ্চমাধ্যমিক ও সমমানের পরীক্ষায় অংশ নেবে। এর মধ্যে সিলেটে পরীক্ষার্থীর সংখ্যা এক লাখের মতো।
সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের পরীক্ষার প্রশ্নপত্র আলাদা হলেও কারিগরি এবং মাদ্রাসা শিক্ষা বোর্ড একটি করে হওয়ায় এই দুই বোর্ডের পরীক্ষার প্রশ্নপত্র সারা দেশে অভিন্ন হয়। এ অবস্থায় সিলেট বিভাগের কারিগরি ও মাদ্রাসার (আলিম) স্থগিত পরীক্ষার প্রশ্নপত্র কী হবে তা জানতে চাইলে কারিগরি শিক্ষা বোর্ডের এক শীর্ষ কর্মকর্তা বলেন, বোর্ড এক হলেও একাধিক সেট প্রশ্নপত্র তৈরি করা থাকে। সিলেট বিভাগের স্থগিত পরীক্ষার প্রশ্নপত্র এসব সেট থেকে ছাপিয়ে নতুন সময়ে পরীক্ষা নেওয়া হবে। অনুরূপ ব্যবস্থা হবে মাদ্রাসার পরীক্ষার ক্ষেত্রেও।
গত ২৯ মে ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে সিলেটে বন্যা দেখা দিয়েছে। ৮ জুনের পর বন্যা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হওয়ার পর সোমবার থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে আবারও সেখানে বন্যা দেখা দিয়েছে। নগরের ২৩টি ওয়ার্ডসহ জেলার ১ হাজার ৫৪৮টি গ্রাম প্লাবিত হওয়ায় বন্যাকবলিত হয়েছে প্রায় সোয়া আট লাখ মানুষ।
প্রবল বর্ষণ আর বন্যার কারণে গতবারও তিন বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা ১০ দিন পেছাতে হয়েছিল। অন্য সব বোর্ডের পরীক্ষা ১৭ আগস্ট শুরু হলেও চট্টগ্রাম শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা শুরু হয় ২৭ আগস্ট থেকে।
