যুবলীগের পদে অনীহা ছাত্রলীগের সাবেক নেতার

আপডেট : ২১ জুন ২০২৪, ০৬:৫৬ এএম

সম্মেলন হওয়ার প্রায় ৭ মাস পর রাজশাহী জেলা ও রাজশাহী মহানগর যুবলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী তিন বছরের জন্য এই কমিটি ঘোষণা দেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের যৌথ স্বাক্ষরে এই কমিটি ঘোষণা করা হয়। এদিকে রাজশাহী মহানগর যুবলীগের কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে নাম থাকা শফিকুজ্জামান তার পদ ফিরিয়ে দিয়েছেন।

মাহমুদ হাসান ফয়সল সজলকে সভাপতি এবং ইয়াসির আরাফাত সৈকতকে সাধারণ সম্পাদক করে রাজশাহী জেলা যুবলীগের ১৯ সদস্যবিশিষ্ট কমিটি এবং মনিরুজ্জামান খান মনিরকে সভাপতি ও তৌরিদ আল মাসুদ রনিকে সাধারণ সম্পাদক করে রাজশাহী মহানগরের ১৪ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা হয়।

কমিটিকে আগামী ৬০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্র বরাবর জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে। এর আগে গত ২৬ সেপ্টেম্বর রাজশাহী জেলা ও রাজশাহী মহানগর যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

এদিকে রাজশাহী মহানগর কমিটির যুগ্ম সম্পাদক পদ পাওয়া শফিকুজ্জামান শফিক এই পদ গ্রহণ করবেন না বলে ঘোষণা দিয়েছেন। রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুজ্জামান তার ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে এই ঘোষণা দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত