বাকিতে সিগারেট না দেওয়ায় দোকানিকে খুন

আপডেট : ২১ জুন ২০২৪, ০৩:৪৮ পিএম

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার হোসনারঘাট গ্রামে বাকিতে সিগারেট না দেওয়ায় এমরান মিয়া নামের এক মুদি দোকানিকে ধারালো দিয়ে ছুড়ি খুন করা হয়েছে। শুক্রবার (২১ জুন) সকালের দিকে উপজেলার তাহিরপুর-বাদাঘাট সড়কের পাশে হোসনারঘাট গ্রামে ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। 

এমরান মিয়া (২২) ওই গ্রামের সাজিদ মিয়ার ছেলে। নিহতের স্ত্রী ও তিন শিশু সন্তান রয়েছে। ওই হত্যাকাণ্ডের ঘটনায় ঘাতক হোসনারঘাট গ্রামের বিল্লাল মিয়ার ছেলে লিটন মিয়াকে (৩৪) পুলিশ আটক করেছে। 

জানা যায়, উপজেলার হোসনারঘাট এলাকায় স্বল্প পুঁজি নিয়ে বসতঘরের ভেতর থাকা ছোট কামড়ায় মুদির ব্যবসা করে আসছিলেন এমরান মিয়া। একই গ্রামের লিটন মিয়া অনেকদিন থেকে ওই দোকান থেকে বাকিতে সিগারেটসহ নানা পণ্য সামগ্রী ক্রয় করেও বকেয়া পরিশোধে গড়িমসি করে আসছিলেন।

বকেয়া টাকা পরিশোধ না করেই ফের সকালে ওই মুদি দোকান থেকে বাকিতে সিগারেট নিতে যায় লিটন। এমরান বাকিতে সিগারেট না দেওয়ায় প্রথমে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ক্ষুব্ধ হয়ে নিজ বাড়ি থেকে ধারালো চাকু নিয়ে এসে লিটন দোকানের ভেতরই কুপিয়ে হত্যা করে এমরানকে। হত্যকাণ্ডের পর পালিয়ে যাওয়ার সময় খবর পেয়ে পুলিশ তাকে আটক করে। 

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দিন দেশ রূপান্তরকে জানান, মরদেহ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ হত্যকাণ্ডের বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত